সারাদেশ

নরসিংদীতে ১১ দলের জনসভা: রাষ্ট্র সংস্কার ছাড়া গণঅভ্যুত্থানের লক্ষ্য পূরণ হবে না—নাহিদ ইসলাম

  মোঃ নাজমুল হক মণি, নরসিংদী ২৯ জানুয়ারি ২০২৬ , ১১:৫১:৫৮ প্রিন্ট সংস্করণ

 

এক স্বৈরাচারকে সরিয়ে আরেক স্বৈরাচার প্রতিষ্ঠার জন্য গণঅভ্যুত্থান হয়নি; বরং ভবিষ্যতে যেন কেউ স্বৈরাচার হতে না পারে, সে লক্ষ্যেই গণঅভ্যুত্থান হয়েছিল—এমন মন্তব্য করেছেন নাহিদ ইসলাম। তিনি বলেন, এ কারণেই রাষ্ট্র সংস্কারের নতুন বন্দোবস্তের দাবি তোলা হয়েছিল। কিন্তু একটি দল শুরু থেকেই সংস্কারের বিরোধিতা করেছে। ফ্যাসিবাদী আমলের ৩১ দফা দিয়ে রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি দিলেও ৫ আগস্টের পর তাদের সেই অঙ্গীকারের প্রতিফলন দেখা যায়নি। আগামী নির্বাচনে তারা জয়ী হলে কোনো প্রতিশ্রুতিই রক্ষা করবে না।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় নরসিংদীর ঘোড়াশালের পোস্ট অফিস রোডে ১১ দলের এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম আরও বলেন, বর্তমানে নতুন নতুন কথার ফুলঝুরি শোনানো হচ্ছে। ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্বধারীদের মনোনয়ন দিয়ে সংসদে নেওয়ার চেষ্টা চলছে। নতুন করে লুটপাট, ঋণখেলাপি ও টাকা পাচারের পরিকল্পনা করা হচ্ছে। এসব ষড়যন্ত্রের জবাব দিতে হবে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ব্যালট বিপ্লবের মাধ্যমে। তিনি স্মরণ করিয়ে দেন, ২০০১ সালের নির্বাচনে একটি দল দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা, শ্রমিক-কৃষকের পেনশন মওকুফ ও বেকার ভাতার প্রতিশ্রুতি দিয়েছিল; কিন্তু ক্ষমতায় গিয়ে একটি কথাও রক্ষা করেনি।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ তরুণদের ওপর ভরসা রেখে গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিল। তরুণদের প্রতি সেই আশা ও আস্থা এখনো অটুট রয়েছে, যার প্রতিফলন ঘটবে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে। এ সময় তিনি শাপলা কলির পক্ষে এবং ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনসমর্থন কামনা করেন।

নরসিংদী–২ আসনের ১১ দলের প্রার্থী সারোয়ার তুষার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূইয়া। প্রধান বক্তার বক্তব্যে তিনি বলেন, যারা আবারও আওয়ামী লীগকে ফেরাতে চায়, আগামী ১২ ফেব্রুয়ারির ব্যালট বিপ্লবের মাধ্যমে তাদের প্রতিহত করা হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন পলাশ উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী সাইদুল ইসলাম রাকিব, সদস্য সচিব **আওলাদ হোসেন জনি**সহ এনসিপির অন্যান্য নেতৃবৃন্দ।

আরও খবর

Sponsered content