সারাদেশ

মাধবপুরে নোটিশ ছাড়াই উচ্ছেদ অভিযানের অভিযোগ, শীতের মধ্যে ঘরছাড়া কয়েকটি পরিবার

  মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ৮ ডিসেম্বর ২০২৫ , ৩:২৪:৫৯ প্রিন্ট সংস্করণ

 

হবিগঞ্জের মাধবপুরে কোনো পূর্ব নোটিশ ছাড়াই উচ্ছেদ অভিযান চালিয়ে কয়েকটি পরিবারকে ঘরছাড়া করার অভিযোগ উঠেছে সড়ক ও জনপদ (সওজ) বিভাগ ও স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে। শীতের মধ্যে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।

রোববার (৭ ডিসেম্বর) দুপুর ১টার দিকে মাধবপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শান্তিপাড়া এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। ভুক্তভোগীদের অভিযোগ, কোনো ধরনের নোটিশ বা প্রস্তুতির সুযোগ না দিয়েই এক্সেভেটর দিয়ে তাদের ঘরবাড়ি ভেঙে ফেলা হয়। এমনকি মালামাল সরানোরও সুযোগ দেওয়া হয়নি।

ভুক্তভোগী ফয়জুন্নাহার ও হেলেনা বেগমসহ কয়েকজন জানান, তারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় বসবাস করে আসছিলেন এবং নিয়মিত পৌরসভার হোল্ডিং ট্যাক্স পরিশোধ করে আসছেন। হঠাৎ উচ্ছেদের ফলে তারা সম্পূর্ণ আশ্রয়হীন হয়ে পড়েছেন। এ ঘটনায় প্রতিকার চেয়ে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন।

এলাকাবাসীর দাবি, সরকারি জায়গা দখলমুক্ত করা প্রয়োজন হলেও কোনো নোটিশ ছাড়া উচ্ছেদ অভিযান মানবিকতার পরিপন্থী। সড়ক ও জনপদ বিভাগের একটি সূত্র জানায়, খাস জায়গা দখলমুক্ত করার নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই অভিযানটি পরিচালিত হয়েছে। তবে নোটিশ সংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখা হবে বলে জানানো হয়।

এ বিষয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাশেম বলেন, সড়ক ও জনপথ বিভাগের জায়গা থেকে উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হয়েছে। তবে ভুক্তভোগীদের আবেদন মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা হবে।

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দ্রুত পুনর্বাসনের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

আরও খবর

Sponsered content