অপরাধ

সুন্দরগঞ্জে কলার প্রলোভনে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত আটক

  ‎সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: ২৯ এপ্রিল ২০২৬ , ৯:৫৯:৫৪ প্রিন্ট সংস্করণ

‎গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় কলার প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে সাইফুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

‎আটক সাইফুল ইসলাম উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনিরাম গ্রামের মৃত জবেদ আলীর ছেলে এবং দুই সন্তানের পিতা।

‎বুধবার (২৯ এপ্রিল) সকাল ১০টায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ্ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে অভিযুক্তকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

‎মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় শিশুটির পরিবারের সদস্যরা জোহরের নামাজে ব্যস্ত ছিলেন। এ ফাঁকে শিশুটি প্রতিবেশী সাইফুল ইসলামের বাড়িতে গেলে সেখানে কাউকে না পেয়ে অভিযুক্ত সাইফুল ইসলাম তাকে কলা দেওয়ার কথা বলে ঘরে ডেকে নেন। সেখানেই তিনি শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালান।

‎এক পর্যায়ে পরিবারের অন্যান্য সদস্যরা শিশুটিকে ডাক দিলে অভিযুক্ত তাকে ছেড়ে দেন এবং ঘটনাটি কারও কাছে না জানানোর জন্য বলে দেন। পরে শিশুটি সবকিছু পরিবারের সদস্যদের জানায়।

‎এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে থানায় মামলা দায়ের করেন।

আরও খবর

Sponsered content