অপরাধ

দিনাজপুরে এনজিও কর্মীকে গণধর্ষণ, র‍্যাবের যৌথ অভিযানে ঢাকার গুলিস্তান থেকে এজাহারনামীয় আসামি গ্রেফতার

  মোঃ শাহ্ আলম মন্ডল, দিনাজপুর প্রতিনিধি ২৭ ফেব্রুয়ারি ২০২৬ , ৩:৫৯:৫৭ প্রিন্ট সংস্করণ

দিনাজপুরে এক এনজিও কর্মীকে গণধর্ষণের ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত এক আসামিকে রাজধানী ঢাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাবের যৌথ আভিযানিক দল। বুধবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে ঢাকার বংশাল থানাধীন গুলিস্তান কাপ্তান বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
শুক্রবার (২৭ ফেব্রিয়ারি) বিকেলে এক প্রেসবিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, বাংলাদেশ আমার অহংকার মূলমন্ত্রকে ধারণ করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) হত্যা, অপহরণ, ধর্ষণ, রাহাজানিসহ বিভিন্ন গুরুতর অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। বিশেষ করে নারী ও শিশুদের প্রতি সহিংসতার ঘটনায় র‍্যাব পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে থাকে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী একজন এনজিও কর্মী। গত ২৮ জানুয়ারি ২৬ দুপুরে বীমা পলিসি সংক্রান্ত কাজে কয়েকজন গ্রাহক পরিচয়ে যোগাযোগ করা হলে তিনি চিরিরবন্দর উপজেলার ডাঙ্গারবাজার এলাকায় যান। সেখান থেকে আসামির সঙ্গে নশরতপুর ইউনিয়নের একটি এলাকায় যাওয়ার পথে পূর্বপরিকল্পিতভাবে ওৎ পেতে থাকা কয়েকজন তাকে জোরপূর্বক নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর অসুস্থ অবস্থায় ভুক্তভোগীকে ফেলে আসামিরা পালিয়ে যায়। পরবর্তীতে ৩০ জানুয়ারি ২০২৬ তারিখে ভুক্তভোগী বাদী হয়ে দিনাজপুর জেলার চিরিরবন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী/০৩) এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেন (মামলা নং-২২/২৫)।
র‍্যাব জানায়, ঘটনার পর থেকে আসামিরা আত্মগোপনে ছিল। বিষয় টি চাঞ্চল্যকর হওয়ায় এবং গুরুত্ব বিবেচনায় র‍্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর এবং র‍্যাব-১০, সদর কোম্পানি, কেরানীগঞ্জের একটি যৌথ দল গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায় ২৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকেল ৩টার দিকে অভিযান চালিয়ে এজাহারনামীয় ২ নম্বর আসামি বিশ্বনাথ রায় (২৬), পিতা—কানু চন্দ্র রায়, গ্রাম—নশরতপুর (মাছুয়াপাড়া), থানা—চিরিরবন্দর, জেলা—দিনাজপুরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, ধর্ষণ, অপহরণ, হত্যা ও অন্যান্য গুরুতর অপরাধ প্রতিরোধে সংস্থাটির সদস্যরা দৃঢ়প্রতিজ্ঞ। এ ধরনের অপরাধের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর

Sponsered content