অপরাধ

চুনারুঘাটে শানখলা ইউনিয়নের চিহ্নিত অপরাধী ‘টেবিল সাহারাজ’ গ্রেপ্তার

  চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: ১৮ ডিসেম্বর ২০২৫ , ৫:৪৯:৪৫ প্রিন্ট সংস্করণ


হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের চিহ্নিত অপরাধী ও ইউনিয়ন যুবলীগ নেতা সাহারাজ মুহরী ওরফে ‘টেবিল সাহারাজ’-কে গ্রেপ্তার করেছে চুনারুঘাট থানা পুলিশ।

বুধবার দিবাগত গভীর রাতে উপজেলার শানখলা মোকামবাড়ি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোহাম্মদ আল-আমিন।

পুলিশ সূত্র জানায়, অভিযানের সময় সাহারাজ মুহরী নিজের বসতঘরের ভেতরে আত্মগোপন করে দরজায় তালা লাগিয়ে দেন। পরে পুলিশ তালা ভেঙে ঘরে প্রবেশ করে তাকে আটক করতে সক্ষম হয়।

থানা সূত্রে আরও জানা গেছে, শানখলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে সাহারাজ মুহরী বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন, সাধারণ মানুষকে নির্যাতনসহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বিগত আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে সাহারাজ মুহরী এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডের একটি শক্ত অবস্থান তৈরি করেন। ফলে তিনি দীর্ঘদিন ধরে এলাকাবাসীর কাছে আতঙ্কের নাম হিসেবে পরিচিত ছিলেন।

অভিযোগ রয়েছে, তার অত্যাচার থেকে নিজ পরিবারও রেহাই পায়নি। সৎ ভাই আলফু মিয়াসহ পরিবারের সদস্যরা প্রায় ছয় বছর ধরে বাড়িছাড়া হয়ে মানবেতর জীবনযাপন করছেন বলে স্থানীয়রা জানান।

চুনারুঘাট থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত সাহারাজ মুহরীকে নাশকতার একটি মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও খবর

Sponsered content