রাজনীতি

স্বরাষ্ট্র উপদেষ্টার নামে ভুয়া অডিও ছড়ানোর ঘটনায় মন্ত্রণালয়ের প্রতিবাদ

  প্রতিনিধি ৩০ আগস্ট ২০২৫ , ১:৫২:২৪ প্রিন্ট সংস্করণ

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)–এর নামে একটি ভুয়া বা এআই–জেনারেটেড অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় তীব্র প্রতিবাদ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

শনিবার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) ফয়সল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, “প্রকৃতপক্ষে এটি স্বরাষ্ট্র উপদেষ্টার কণ্ঠ নয়। সচেতন যে কেউ সহজেই বুঝতে পারবেন এটি বিকৃত ও ভুয়া কণ্ঠ।”

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ইসমাইল চৌধুরী সম্রাটসহ একাধিক ভুয়া ফেসবুক আইডি থেকে ২৫ সেকেন্ডের ওই অডিও ছড়ানো হয়েছে। সেখানে নুরুল হক নুরকে ঘিরে এক অজ্ঞাত পুলিশ কর্মকর্তাকে নির্দেশনা দিতে শোনা যায় বলে দাবি করা হয়।

মন্ত্রণালয় বলেছে, এ ধরনের ভুয়া কনটেন্ট জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে, যা জনশৃঙ্খলা ও আইনের পরিপন্থী। এর মাধ্যমে গুজব ছড়িয়ে মানুষ প্রকৃত তথ্য থেকে বঞ্চিত হচ্ছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনায় দায়ীদের চিহ্নিত করে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। পাশাপাশি ভুয়া অডিও বা বিভ্রান্তিকর কনটেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করা হয়েছে।

আরও খবর

Sponsered content