প্রতিনিধি ১২ সেপ্টেম্বর ২০২৬ , ৮:৫৭:১৩ প্রিন্ট সংস্করণ
রাজধানীর আদাবর এলাকা থেকে এক নারীর খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে ১০ নম্বর বালুর মাঠ এলাকার খালপাড়ের ময়লার মধ্য থেকেএই খণ্ডিত লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, আদাবর ১০ নম্বর বালুর মাঠসংলগ্ন খালপাড়ে দীর্ঘ সময় ধরে একটি কালো রঙের ব্যাকপ্যাক পড়ে ছিল। পরে কৌতূহলবশত স্থানীয়রা ব্যাগটি টান দিলে প্রথমে একটি হাত এবং পরে মাথা গড়িয়ে পড়ে। পরে খালে তল্লাশি চালিয়ে লাশের আরও দুটি অংশ উদ্ধার করা হয়। তবে নিহত নারীর দুই পা এখনো পাওয়া যায়নি। তবে নিহত নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কী কারণে এবং কারা তাকে হত্যা করেছে, সেই বিষয়ে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও হত্যার রহস্য উদঘাটনে কাজ চলছে।
বিষয়টি নিশ্চিত করে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। বিস্তারিত পরে জানানো হবে।’
তেজগাঁও বিভাগের উপ কমিশনার ইবনে মিজান বলেন, ‘মাঝবয়সী এই নারীর মরদেহ শনাক্তে সিআইডি এবং পিবিআইকে জানানো হয়েছে। এরমধ্যে আমরা আশেপাশের সিসি ফুটেজ সংগ্রহ করছি।’





















