সিলেট প্রতিনিধি: ১ সেপ্টেম্বর ২০২৬ , ৪:৪১:১৬ প্রিন্ট সংস্করণ
দীর্ঘ আট বছর পর সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও বিদেশি এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইট চালু হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে ওমানের সালামএয়ারের একটি ফ্লাইট অবতরণের মধ্য দিয়ে মাস্কাট-সিলেট রুটে এ কার্যক্রম শুরু হয়।
সকাল ৭টা ৫৫ মিনিটে ১৩৩ জন যাত্রী নিয়ে সালামএয়ারের মাস্কাট-সিলেট ফ্লাইটটি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। যাত্রীদের আনুষ্ঠানিকতা শেষে সকাল ৯টা ২৩ মিনিটে ২২৪ জন যাত্রী নিয়ে একই উড়োজাহাজটি মাস্কাটের উদ্দেশে সিলেট ছেড়ে যায়। বিষয়টি নিশ্চিত করেন বিমানবন্দরের পরিচালক হাফিজ উদ্দিন আহমেদ।
বিদেশি এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইট চালু উপলক্ষে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করে সালামএয়ার। এতে ঢাকায় নিযুক্ত ওমানের ডেপুটি অ্যাম্বাসেডর ফাতেহা আহমেদ আল বালুশী, সালামএয়ারের চিফ কমার্শিয়াল অফিসার স্টিভেন এলেন, বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এম এ লতিফ শাহরিয়ার জাহিদী এবং সিলেট বিমানবন্দরের পরিচালক হাফিজ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সালামএয়ারের সিলেট এরিয়া ম্যানেজার সেলিম আল রাজী।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১ এপ্রিল প্রথম বিদেশি এয়ারলাইন্স হিসেবে দুবাইভিত্তিক ফ্লাইদুবাই ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চালু করে। তবে ২০১৮ সালের সেপ্টেম্বরে সিলেট রুটে তাদের ফ্লাইট বন্ধ হয়ে যায়। এরপর দীর্ঘ সময় কোনো বিদেশি এয়ারলাইন্স ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করেনি।
সালামএয়ারের ফ্লাইট চালুর ফলে দীর্ঘদিনের সেই শূন্যতা কাটল। মাস্কাটের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ চালু হওয়ায় সিলেটের যাত্রীদের জন্য ওমানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে যাতায়াত আরও সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সালামএয়ার সূত্রে জানা গেছে, শুরুতে মাস্কাট-সিলেট রুটে সপ্তাহে তিন দিন সরাসরি ফ্লাইট পরিচালনা করা হবে। আগামী মাসে ফ্লাইটের সংখ্যা বাড়িয়ে সপ্তাহে পাঁচ দিন করার পরিকল্পনা রয়েছে। এরপর ২০২৭ সালের জানুয়ারি থেকে সপ্তাহের সাত দিনই এ রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে এয়ারলাইনটির।
সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, সালামএয়ারের পর চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এয়ার আরাবিয়া ও ফ্লাইদুবাইসহ আরও কয়েকটি বিদেশি এয়ারলাইন্স ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি ফ্লাইট চালু করতে পারে।





















