প্রতিনিধি ১ সেপ্টেম্বর ২০২৬ , ৯:০১:২৩ প্রিন্ট সংস্করণ
শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট জালিয়াতির মামলায় এক বছরের জন্য স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার এ মামলার বিচারিক আদালত ঢাকার বিশেষ ৫ নম্বর জজ আদালতে এ তথ্য জানান
এ মামলার অপর আসামি রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেনদের আইনজীবী মজিবুর রহমান তালুকদার। ফলে বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন সে অনুযায়ী আগামী বছরের ১১ জানুয়ারি শুনানির পরবর্তী দিন করেছেন।
আইনজীবী মজিবুর রহমান তালুকদার বলেন, গত ৭ জুলাই উচ্চ আদালত মোশাররফ হোসেনের পক্ষে মামলায় এক বছরের স্থগিতাদেশ দিয়েছেন। ফলে আজ মামলার চার্জগঠনের শুনানি হয়নি।
অবৈধ সুবিধা নিয়ে ঢাকার গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেডের ফ্ল্যাট নেওয়ার অভিযোগে গত বছরের ১৫ এপ্রিল টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, রাজউক-এর সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান ও সাবেক সহকারী আইন উপদেষ্টা-১ সরদার মোশারফ হোসেনের বিরুদ্ধে কমিশনের সহকারী পরিচালক মনিরুল ইসলাম মামলা করেন।
মামলার অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজসে ক্ষমতার অপব্যবহার করে কোনো টাকা পরিশোধ না করেই অবৈধভাবে ইস্টার্ন হাউজিং লিমিটেডের গুলশান-২ এর ফ্ল্যাট (ফ্ল্যাট নং বি/২০১, বাড়ি নং ৫এ ও ৫বি (পুরোনো), বর্তমানে- ১১৩, ১১বি (নতুন), রোড নং ৭১) দখল নেন ও পরে রেজিস্ট্রি করেন। মামলার পর গত বছরের জুলাই মাসে আসামি শাহ খসরুজ্জামান মামলার তদন্ত স্থগিত চেয়ে হাইকোর্টে একটি রিট করেন। তার রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট খসরুজ্জামানের তদন্ত তিন মাসের জন্য স্থগিত করে। পরে চেম্বার আদালতে গেলেও দুদক ‘নো অর্ডার’ আদেশ পায়। পরে তদন্ত শেষে গত ১১ ডিসেম্বর দণ্ডবিধির ১৬১/১৬৫(ক)/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারায় এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে গত ১৩ জানুয়ারি অভিযোগপত্র জমা দেন দুদকের সহকারী পরিচালক এ কে এম মর্তুজা আলী সাগর।
তদন্ত শেষর দুই জনের বিরুদ্ধে গত ১৩ জানুয়ারি অভিযোগপত্র জমা দেন দুদকের সহকারী পরিচালক এ কে এম মর্তুজা আলী সাগর। গত ১৮ ফেব্রুয়ারি অভিযোগপত্র আমলে গ্রহণ করে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। গত ২৬ ফেব্রুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা এ কে এম মর্তুজা আলী সাগর আসামি টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির অনুমতি চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করে।
উল্লেখ্য, এর আগে প্লট বরাদ্দে জালিয়াতির পৃথক তিন মামলায় টিউলিপের দুই বছর করে ছয় বছরের কারাদণ্ড হয়েছে।





















