প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাভট জেলা প্রতিনিধি ২ সেপ্টেম্বর ২০২৬ , ১২:৩৩:৪৪ প্রিন্ট সংস্করণ
মৎস্য সম্পদের উৎপাদন বাড়ানোর পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যাপকভাবে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
তিনি বলেন, দেশের মানুষের আমিষের চাহিদা পূরণে মৎস্য সম্পদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একই সঙ্গে জলবায়ু ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে বাগেরহাটের মোংলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কর্মসূচির অংশ হিসেবে প্রতিমন্ত্রী মোংলা উপজেলা পরিষদ চত্বরের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন। পরে পুকুরপাড়ে একটি বৃক্ষের চারা রোপণ করেন তিনি।
শেখ ফরিদুল ইসলাম বলেন, “মৎস্য সম্পদ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি মানুষের আমিষের চাহিদা পূরণে ভূমিকা রাখছে। পাশাপাশি পরিবেশ রক্ষায় আমাদের আরও বেশি করে গাছ লাগাতে হবে এবং লাগানো গাছের পরিচর্যা করতে হবে।”
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর প্রসঙ্গে তিনি বলেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে দলের প্রতিষ্ঠাতাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে জলাশয়ে মাছের চাষ ও বৃক্ষরোপণে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
পরে প্রতিমন্ত্রী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালি ও আলোচনা সভায় অংশ নেন। তাঁর নেতৃত্বে মোংলা বন্দর শ্রমিক-কর্মচারী সংঘ চত্বর থেকে র্যালিটি বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবাটো শ্রমিক-কর্মচারী সংঘ চত্বরে গিয়ে শেষ হয়।
র্যালি ও আলোচনা সভায় মোংলা পৌর বিএনপির সভাপতি মো. জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, বিএনপি নেতা শেখ রুস্তুম আলী, নাসির তালুকদার, গোলাম নুর জনি, বাবলু ভূইয়া ও মোস্তাফিজুর রহমান জনিসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





















