প্রতিনিধি ১ সেপ্টেম্বর ২০২৬ , ৫:৪৭:৪৯ প্রিন্ট সংস্করণ
দিনাজপুরের শ্রী শ্রী কান্তজিউ মন্দির পরিদর্শন করতে এসে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেছেন, ‘এই সৌহাদ্যপূর্ণ সফরের মাধ্যমে আমাদের প্রত্যাশা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বন্ধুত্ব, পারস্পারিক সহযোগিতা সংস্কৃতি ও জনসম্পৃক্ততার বন্ধনকে আরও সুদৃঢ় করবে। প্রত্নতাত্ত্বিক বিষয়ের উন্নয়ন নিয়ে আগামীতে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।’
আজ মঙ্গলবার শ্রী শ্রী কান্তজিউ মন্দির পরিদর্শন করতে এসে এসব কথা বলেন তিনি। এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন তার স্ত্রী মিসেস ডিনেন ডাত্ত, প্রোকোকল অফিসার ক্লারিয়ান। এ ছাড়া রাজদেবোত্ত এস্টেটের ট্রাস্টি ও দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা (পিপিএম), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম হাবিবুল হাসান, স্থানীয় সরকারের উপপরিচালক ও দিনাজপুর পৌরসভার প্রশাসক (উপ-সচিব) শেখ হাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মাঝহারুল ইসলাম, কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মিম, প্রত্নতাত্ত্বিক বিভাগের রংপুর বিভাগীয় আঞ্চলিক পরিচালক ড. আহমেদ আবদুল্লাহ, ও কান্তনগর প্রত্নতত্ব কর্মকর্তা সিহাব হোসেন।
মার্কিন রাষ্ট্রদূতকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার এর মাধ্যমে সম্মাননা জানানোর পর মন্দির প্রাঙ্গণে রাজদেবোত্তর এস্টেটের পক্ষ থেকে ট্রাস্টি ও জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম এবং এজেন্ট রনজিৎ কুমার সিংহর নেতৃত্বে কমিটির অন্যতম সদস্য ডা. ডিসি রায়, রতন সিং, বিমল চন্দ্র দাস ফুলের তোড়া, উত্তরীয়, ক্রেস্ট, লোকসংস্কৃতি খচিত ব্যাগ উপহার দেনন। ডা. ডিসি রায় অতিথিদের কান্তজিউ মন্দিরের বিভিন্ন ঐতিহাসিক বিষয় তুলে ধরে মন্দির পরিদর্শন করান।
রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন রাজদেবোত্ত এস্টেটের পরিদর্শন বইতে তার অনুভূতির কথা লেখেন। তিনি ও তার সফর সঙ্গীদের হিন্দুধর্মীয় সংস্কৃতির ঐতিহ্যর বহিঃপ্রকাশ ঘটাতে ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে বরণ করেন মল্লিকা দাস ও তার সঙ্গীরা। এছাড়া আদিবাসী সাংস্কৃতিকদল অতিথিদের নৃত্যের তালে তালে অতিথিদের বরণ করেন।





















