নোমান মিয়া, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি ২ সেপ্টেম্বর ২০২৬ , ১:১৭:৩৬ প্রিন্ট সংস্করণ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জের চুনারুঘাটে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) চুনারুঘাট উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, রাজনৈতিক আদর্শ, গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন নেতৃবৃন্দ।
এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৌর শহরে একটি বিশাল র্যালি অনুষ্ঠিত হয়। পরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চুনারুঘাট উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম তালুকদার। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজ আলী।
সভায় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র নাজিম উদ্দীন শামসু, পিপি অ্যাডভোকেট আবদুল হাই, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মোজ্জামেল হক তালুকদার, সাবেক সাংগঠনিক সম্পাদক শামসুল হক তালুকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট মোজাম্মেল হক চৌধুরী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিক মিয়া মহালদার, যুগ্ম আহ্বায়ক সৈয়দ আবু নাঈম হালিম, স্বেচ্ছাসেবক দল নেতা আজাদ তালুকদার, আমিনুল ইসলাম এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুর রহমানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বিএনপির দীর্ঘ রাজনৈতিক পথচলা এবং দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও আদর্শের বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, ভোটাধিকার নিশ্চিতকরণ এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় বিএনপির ভূমিকা নিয়েও আলোচনা করেন তারা।
বক্তারা বলেন, বিএনপি প্রতিষ্ঠার পর থেকে দেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আগামী দিনেও দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে থাকার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে চুনারুঘাট উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
আলোচনা সভা শেষে বিএনপির প্রয়াত নেতাকর্মীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।





















