খেলাধুলা

বিশ্বকাপ স্কোয়াডের বাইরে থেকেও আর্জেন্টিনা দলের সঙ্গে থাকছেন সাত ফুটবলার

  স্পোর্টস ডেস্ক: ২৯ মে ২০২৬ , ১১:০৫:২৭ প্রিন্ট সংস্করণ

 

২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি। বৃহস্পতিবার (২৯ মে) ভোরে ঘোষিত এই স্কোয়াডে জায়গা পাওয়া খেলোয়াড়দের নিয়েই বিশ্বকাপ মিশনে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

তবে চূড়ান্ত স্কোয়াড ঘোষণার পাশাপাশি আরও সাতজন ফুটবলারকে দলে অন্তর্ভুক্ত করেছেন স্কালোনি। তারা হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে দলের সঙ্গে থাকবেন, যদিও বিশ্বকাপের মূল ২৬ সদস্যের স্কোয়াডে তাদের নাম নেই।

বিশ্বকাপ শুরুর আগে শেষ প্রস্তুতি হিসেবে আগামী ৭ জুন হন্ডুরাস এবং ১০ জুন আইসল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই দুই ম্যাচের জন্য মূল দলের সঙ্গে থাকবেন সান্তিয়াগো বেলত্রান, আগুস্তিন গিয়াই, নিকোলাস কাপালদো, তোমাস আরান্দা, ইগনাসিও ওভান্দো, জোয়াকিন ফ্রেইতাস ও সিমোন এসকোবার।

ফুটবল বিশ্লেষকদের ধারণা, বিশ্বকাপের আগে কোনো অপ্রত্যাশিত চোট বা সমস্যা দেখা দিলে এই সাতজনের মধ্য থেকেই বিকল্প খেলোয়াড় বেছে নেওয়া হতে পারে। যদিও প্রয়োজনে স্কালোনি প্রাথমিক ৫৫ সদস্যের তালিকা থেকে অন্য কোনো ফুটবলারকেও ডাকতে পারবেন। আপাতত তাদের প্রধান দায়িত্ব হবে অনুশীলনে মূল দলের ‘স্প্যারিং পার্টনার’ হিসেবে কাজ করা।

তরুণ প্রতিভা ও সাম্প্রতিক পারফরম্যান্সের ভিত্তিতেই এই ফুটবলারদের বেছে নেওয়া হয়েছে। সান্তিয়াগো বেলত্রান ও তোমাস আরান্দা বর্তমানে যথাক্রমে রিভার প্লেট ও বোকা জুনিয়র্সের হয়ে দারুণ ছন্দে রয়েছেন। হামবুর্গ এসভির অধিনায়ক নিকোলাস কাপালদোও ধারাবাহিক পারফরম্যান্সের কারণে স্কালোনির নজর কেড়েছেন।

এছাড়া আগুস্তিন গিয়াই পালমেইরাসের নিয়মিত মুখ, ইগনাসিও ওভান্দো রোসারিও সেন্ট্রালের অন্যতম প্রতিশ্রুতিশীল তরুণ, আর জোয়াকিন ফ্রেইতাসকে আর্জেন্টাইন ফুটবলে সম্ভাবনাময় প্রতিভা হিসেবে বিবেচনা করা হচ্ছে। মাত্র ১৬ বছর বয়সী সিমোন এসকোবারকে ধরা হচ্ছে ভেলেজ সারসফিল্ডের রিজার্ভ দলের অন্যতম সেরা উদীয়মান ফুটবলার হিসেবে।

প্রীতি ম্যাচের জন্য নির্বাচিত সাত ফুটবলার

  • সান্তিয়াগো বেলত্রান (রিভার প্লেট)
  • আগুস্তিন গিয়াই (পালমেইরাস)
  •  নিকোলাস কাপালদো (হামবুর্গ এসভি)
  •  তোমাস আরান্দা (বোকা জুনিয়র্স)
  • ইগনাসিও ওভান্দো (রোসারিও সেন্ট্রাল)
  •  জোয়াকিন ফ্রেইতাস (রিভার প্লেট)
  • সিমোন এসকোবার (ভেলেজ সারসফিল্ড)

 প্রাথমিক স্কোয়াড থেকে বাদ পড়া উল্লেখযোগ্য খেলোয়াড়রা

ওয়াল্টার বেনিতেজ, ফাকুন্দো কামবেসেস, কেভিন ম্যাক অ্যালিস্টার, লুকাস মার্তিনেজ কোয়ার্তা, মার্কোস সেনেসি, হেরমান পেজ্জেলা, লাউতারো দি লোলো, জায়েদ রোমেরো, গ্যাব্রিয়েল রোহাস, মাক্সিমো পেরোনে, গুইদো রদ্রিগেজ, আনিবাল মোরেনো, মিল্টন দেলগাদো, অ্যালান ভারেলা, এজেকিয়েল ফার্নান্দেজ, নিকোলাস দোমিঙ্গেজ, এমিলিয়ানো বুয়েন্দিয়া, ফ্রাঙ্কো মাস্তানতুওনো, আলেহান্দ্রো গারনাচো, মাতিয়াস সুলে, ক্লদিও এচেভেরি, জিয়ানলুকা প্রেস্টিয়ান্নি, সান্তিয়াগো কাস্ত্রো এবং মাতেও পেলেগ্রিনো।

বিশ্বকাপের আগে শেষ দুই প্রস্তুতি ম্যাচে স্কালোনির দল কেমন পারফর্ম করে, সেদিকেই এখন নজর আর্জেন্টাইন সমর্থকদের।

আরও খবর

Sponsered content