প্রতিনিধি ১ সেপ্টেম্বর ২০২৬ , ১১:৩১:০৬ প্রিন্ট সংস্করণ
নেপালের বন্যাকবলিত বিদুর এলাকায় একটি বাড়ি থেকে ২৪টি মরদেহ উদ্ধার করেছে কর্তৃপক্ষ। বার্তাসংস্থা সিএনএন পুলিশের এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানায়।
পুলিশ সুপার বিপিন রেগমি বলেন, ধ্বংসস্তূপের নিচে আরও মরদেহ চাপা পড়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার সকাল থেকে ওই এলাকায় আবারও উদ্ধার অভিযান চালানো হবে।
বেত্রাবতী পৌরসভার কর্মকর্তা মঙ্গল তামাং জানান, উদ্ধার হওয়া মরদেহগুলোর মধ্যে একটি শিশুর। বাকি ২৩ জনই প্রাপ্তবয়স্ক।
তিনি বলেন, এরই মধ্যে ছয়টি মরদেহ হেলিকপ্টারে করে রাজধানী কাঠমন্ডুতে পাঠানো হয়েছে। অন্য মরদেহগুলো বর্তমানে ঘটনাস্থলেই রয়েছে। সেগুলোও পরে রাজধানীতে পাঠানো হবে।
তামাং আরও বলেন, একই স্থান এবং আশপাশের বাড়িগুলোতে উদ্ধার অভিযান চালানো হবে। ধ্বংসস্তূপ ও কাদার নিচে আরও কেউ আটকে বা চাপা পড়ে আছে কি না, তা খুঁজে দেখতে অভিযান অব্যাহত থাকবে।
ভয়াবহ বন্যা ও ভূমিধসে নেপালের বিভিন্ন এলাকায় ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের মধ্যে বিদুরেও উদ্ধারকারীরা নিখোঁজদের সন্ধানে অভিযান চালিয়ে যাচ্ছেন।





















