মোঃ নুরুজ্জামান শেখ, গাজীপুর: ২৪ জানুয়ারি ২০২৬ , ১১:১৭:০৭ প্রিন্ট সংস্করণ
বর্তমান সমাজে তারুণ্য শক্তি নানা পথে অপচয় হচ্ছে বলে মন্তব্য করেছেন হেযবুত তওহীদের নেতৃবৃন্দ। তাঁরা বলেন, একদল তরুণ মাদকাসক্তিতে জড়িয়ে পড়ছে, কেউ অপরাজনীতি ও ধাপ্পাবাজ রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে, আবার কেউ উগ্রবাদী ও জঙ্গিবাদী কর্মকাণ্ডে জড়িয়ে নিজেদের মূল্যবান জীবন নষ্ট করছে।
বক্তারা বলেন, তরুণরাই আগামী দিনের শক্তি। বিশ্বের দরবারে বাংলাদেশকে তুলে ধরার মূল চালিকাশক্তি এই তারুণ্য। অথচ তাদের সুস্থভাবে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় খেলাধুলা ও সাংস্কৃতিক পরিবেশ আজ মারাত্মকভাবে সংকুচিত হয়ে পড়েছে। খেলাধুলার জন্য প্রয়োজনীয় মাঠের অভাব প্রকট আকার ধারণ করেছে। অনেক জায়গায় খেলার মাঠ দখল করে প্রাসাদসম ভবন নির্মাণ করা হচ্ছে, যার ফলে খেলাধুলার স্বাভাবিক পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে।
এর ফলে তরুণ সমাজ ক্রমেই মোবাইল ফোন ও বিভিন্ন ডিজিটাল ডিভাইসে আসক্ত হয়ে পড়ছে। বক্তারা অভিযোগ করেন, খেলাধুলার নামে সহিংসতা ও মারামারির ভয় দেখিয়ে তরুণদের মাঠবিমুখ করা হচ্ছে। অন্যদিকে মোবাইলনির্ভর জীবনে অশ্লীলতা ও ভিনদেশি সংস্কৃতির আগ্রাসন তরুণ সমাজকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করছে। এর ফলে আজ তরুণরা হতাশ; তাদের সামনে কোনো সুস্পষ্ট আদর্শ নেই।
নেতৃবৃন্দ আরও বলেন, আদর্শহীনতার ফলেই সমাজে বেড়েছে অন্যায়, অশান্তি, লুটপাট, হত্যা, ধর্ষণ, দুর্নীতি, ঘুষ, সুদ এবং দুর্বলের ওপর সবলের নির্যাতন। শাসিতের ওপর শাসকের জুলুমে সমাজ আজ এক অসুস্থ অবস্থায় পৌঁছেছে।
এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সমাজে ন্যায়বিচার, সুবিচার, শান্তি, সাম্য ও মানবাধিকার প্রতিষ্ঠার আহ্বান জানান বক্তারা। তাঁরা বলেন, তরুণদেরকে আল্লাহর রাসূল (সা.) রেখে যাওয়া আদর্শ ইসলামের দিকে ফিরে আসতে হবে। তৌহিদের ভিত্তিতে ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ’—এই চেতনায় ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর হুকুম ও বিধান প্রতিষ্ঠার মধ্য দিয়েই একটি সুস্থ সমাজ গড়া সম্ভব।
বক্তারা জানান, এই লক্ষ্যেই হেযবুত তওহীদ দীর্ঘদিন ধরে সত্য দ্বীন প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যাচ্ছে।




















