প্রতিনিধি ১৫ আগস্ট ২০২৬ , ২:৫৮:১৭ প্রিন্ট সংস্করণ
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলে একটি বাড়িতে বন্দুক হামলার ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। হামলার পর সন্দেহভাজন ব্যক্তিকে আটক করতে পুলিশ ব্যাপক অভিযান চালায়। পরে তার গাড়ি শনাক্ত করার পর একটি বনাঞ্চলের কাছে তার মরদেহ পাওয়া যায়। মিশিগান স্টেট পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, হামলায় আরও একজন আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় সময় সকাল প্রায় ১১টা ৪০ মিনিটে মিসাউকি কাউন্টির একটি বাড়িতে গুলির খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তিনজনকে মৃত এবং একজনকে আহত অবস্থায় দেখতে পায়। তদন্তে ৩৯ বছর বয়সী চ্যাড হিকম্যানকে হামলার সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তিনি সেখান থেকে পালিয়ে যান। এরপর তাকে খুঁজে বের করতে শুরু হয় বড় ধরনের তল্লাশি অভিযান।
অভিযানের একপর্যায়ে তদন্তকারীরা কাছের আরেকটি বাড়ি থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করেন। পরে হুইটলক লেকের কাছে একটি বনাঞ্চলের পাশে হিকম্যানের গাড়ির সন্ধান পাওয়া যায়।
পুলিশের সদস্যরা সেখানে হিকম্যান এবং আরও একজনকে মৃত অবস্থায় দেখতে পান। তবে তাদের মৃত্যুর পরিস্থিতি নিয়ে তদন্ত চলছে।
মিশিগান স্টেট পুলিশের লেফটেন্যান্ট অ্যাশলি মিলার ঘটনাটিকে স্থানীয় বাসিন্দাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক হিসেবে উল্লেখ করেছেন। তার ভাষায়, এই ঘটনা কমিউনিটির মানুষের পাশাপাশি তদন্তে কাজ করা কর্মকর্তাদের জন্যও গভীরভাবে কষ্টদায়ক।
এ ঘটনায় নিহত ব্যক্তিদের পরিচয়, বয়স কিংবা লিঙ্গ সম্পর্কে এখনো বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি পুলিশ। ঘটনার পেছনের কারণ এবং হামলার পুরো পরিস্থিতি জানতে তদন্ত অব্যাহত রয়েছে।





















