প্রতিনিধি ২ আগস্ট ২০২৬ , ১১:৫২:১৮ প্রিন্ট সংস্করণ
পেরুর দক্ষিণাঞ্চলে পর্যটকবাহী একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। শনিবার নাজকা লাইনস পরিদর্শনে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির পুলিশ।
পুলিশ কর্মকর্তা জর্জ আন্দ্রাদে ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, বিমানে থাকা ১১ জন যাত্রী এবং দুইজন ক্রু সদস্য মোট ১৩ জনই নিহত হয়েছেন। যাত্রীদের বেশির ভাগই বিদেশি পর্যটক ছিলেন।
বিমানটি যাত্রীদের নিয়ে যাচ্ছিল বিশ্বের অন্যতম রহস্যময় প্রত্নতাত্ত্বিক নিদর্শন নাজকা লাইনস দেখাতে। মরুভূমির মাটিতে খোদাই করা বিশালাকার এসব জিওগ্লিফে বানর, হামিংবার্ড, বিড়ালসহ বিভিন্ন প্রাণী, উদ্ভিদ এবং জ্যামিতিক নকশার চিত্র ফুটে উঠেছে।
পেরুর পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে সাতজন ইতালির নাগরিক, যাদের বয়স ১৮ থেকে ৫৪ বছরের মধ্যে। এছাড়া স্পেনের দুইজন ৫২ বছর বয়সী নাগরিক এবং জার্মানির ৭৭ ও ৭৮ বছর বয়সী দুই নাগরিক রয়েছেন। বাকি দুইজন হলেন বিমানের পাইলট আমেরিকো সালাজার এবং সহ-পাইলট ইরেঙ্কা গুয়ানিলো দেল কার্পিও।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপরই আগুনে পুড়ে যায়, ফলে কাউকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। বিমানটি ইকা বিভাগের পিসকো শহর থেকে উড্ডয়ন করেছিল।
দুর্ঘটনার পর পেরুর প্রেসিডেন্ট কাইকো ফুজিমোরি গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জানান, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর তদন্ত প্রতিবেদন না আসা পর্যন্ত বিমানবন্দরটি সাময়িকভাবে বন্ধ রাখার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
পেরুর কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
পেরু দক্ষিণ আমেরিকার অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য। দেশটির বাণিজ্য ও পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে প্রায় ৪১ লাখ বিদেশি পর্যটক পেরু ভ্রমণ করেন। তাদের অন্যতম আকর্ষণ ইনকা সভ্যতার নিদর্শন মাচু পিচ্চু, কুসকোর ঐতিহাসিক স্থাপনা এবং নাজকা লাইনস।















