বিনোদন

‘দ্য রাজা সাব’ নিয়ে সমালোচনার পর ১৫০ ডলারের প্রস্তাব! অভিযোগ ঘিরে তুমুল বিতর্ক

  বিনোদন ডেস্ক : ৯ জানুয়ারি ২০২৬ , ৩:২৬:৫৬ প্রিন্ট সংস্করণ


আজ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে প্রভাস অভিনীত নতুন সিনেমা ‘দ্য রাজা সাব’। মুক্তির পর থেকেই ছবিটি নিয়ে দর্শক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ ছবির প্রশংসা করলেও, সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক দর্শক কড়া সমালোচনাও করছেন।

এমনই এক সমালোচনার পর চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন এক দর্শক। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, সিনেমাটি দেখে তাঁর পুরো সময় নষ্ট হয়েছে এবং ছবিটি অত্যন্ত নিম্নমানের। ওই সমালোচনামূলক পোস্টের পরই নাকি তিনি ১৫০ ডলারের একটি প্রস্তাব পান।

ওই দর্শকের অভিযোগ, ছবির নির্মাতাদের পক্ষ থেকেই তাকে পোস্টটি মুছে ফেলতে অনুরোধ করা হয় এবং বদলে অর্থ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। নিজের দাবির পক্ষে তিনি নির্মাতাদের পাঠানো বলে দাবি করা একটি মেসেজের স্ক্রিনশটও শেয়ার করেছেন।

স্ক্রিনশটে লেখা রয়েছে—
“আমরা ‘দ্য রাজা সাব’-এর টিম থেকে বলছি। আমরা আপনার সমালোচনামূলক পোস্টটি দেখেছি এবং আপনার মতামতের প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা রয়েছে। তবে এই পোস্টের কারণে ছবিটির ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। আপনি যদি পোস্টটি মুছে দিয়ে একটি ইতিবাচক প্রতিক্রিয়া লেখেন, তাহলে আমরা আপনাকে ১৫০ ডলার অথবা আপনার পছন্দ অনুযায়ী অর্থ প্রদান করতে পারি। কোনো রকম চাপ নেই, শুধু আমাদের জানাবেন।”

এই স্ক্রিনশট শেয়ার করে ওই দর্শক লেখেন,
“এটা ভীষণ অদ্ভুত! পোস্ট মুছে দেওয়ার জন্য ওরা আমাকে টাকা দিতে চাইছে। না, আমি আমার পোস্ট মুছব না।”

পোস্টটি মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং শুরু হয় তুমুল বিতর্ক। তবে এ নিয়ে প্রশ্নও উঠেছে—স্ক্রিনশটটি আদৌ ছবির নির্মাতাদের পক্ষ থেকে পাঠানো কি না, তা এখনো নিশ্চিত নয়।

এদিকে প্রভাসের অনুরাগীদের একাংশ দাবি করেছেন, ইচ্ছাকৃতভাবে ছবিটির বিরুদ্ধে নেতিবাচক প্রচার চালানো হচ্ছে। তাঁদের অভিযোগ, প্রযুক্তির সহায়তায় ভুয়া স্ক্রিনশট তৈরি করে অপপ্রচার করা হচ্ছে।

এই বিতর্কের বিষয়ে এখনো পর্যন্ত ‘দ্য রাজা সাব’-এর নির্মাতাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।

আরও খবর

Sponsered content