আন্তর্জাতিক

টুইট করে হরমুজ প্রণালি দখল করা যাবে না: ইরান

  প্রতিনিধি ১৫ আগস্ট ২০২৬ , ১২:৩৯:৫৪ প্রিন্ট সংস্করণ

একটি টুইট, বিমানবাহী রণতরী, কোনো নির্দেশ কিংবা নির্বাচনী ভাষণের মাধ্যমে হরমুজ প্রণালি দখল করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘরিবাবাদী।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করার হুমকির তীব্র প্রতিক্রিয়া জানান তিনি।

ঘরিবাবাদী বলেন, যুক্তরাষ্ট্রের হুমকি কিংবা সামরিক শক্তির প্রদর্শন ইরানকে ভয় দেখাতে পারবে না। তার ভাষায়, হরমুজ প্রণালির ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা শুধু কোনো ঘোষণা বা সামরিক উপস্থিতির মাধ্যমে সম্ভব নয়।

ইরানের এই উপ-পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই কৌশলগত জলপথ কখন উন্মুক্ত থাকবে আর কখন বন্ধ থাকবে সে সিদ্ধান্ত নেওয়ার অধিকার ইরানেরই রয়েছে। তার এই মন্তব্যের মধ্য দিয়ে হরমুজ প্রণালিকে ঘিরে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান উত্তেজনা আরও স্পষ্ট হয়ে উঠেছে।

উল্লেখ্য, নিউইয়র্কের লং আইল্যান্ডে এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ইরানকে পরাজিত করার পর ‘খুব শিগগির’ হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণা করা হবে। একই সঙ্গে তিনি দাবি করেন, হরমুজে মার্কিন নৌবাহিনী পূর্ণ অবরোধ কার্যকর করছে এবং প্রণালিটির ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ রয়েছে।

ট্রাম্পের এমন বক্তব্যের পরই ইরানের পক্ষ থেকে পাল্টা অবস্থান জানানো হয়। তেহরান এর আগে একাধিকবার বলে আসছে, যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ ও নৌ অবরোধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হবে না।

ইরানের সামরিক বাহিনীর সঙ্গে সমন্বয়কারী খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র ইব্রাহিম জোলফাকারিও ট্রাম্পের নিয়ন্ত্রণের দাবি নাকচ করেছেন। তিনি বলেছেন, ইরানের অনুমতি ও তত্ত্বাবধান ছাড়া কোনো জাহাজকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হবে না।

আরও খবর

Sponsered content