প্রতিনিধি ১৫ আগস্ট ২০২৬ , ১২:৪৯:২৭ প্রিন্ট সংস্করণ
সৌদি প্রো লিগের নতুন মৌসুমের প্রথম ম্যাচেই ক্রিস্টিয়ানো রোনালদোকে মাঠে দেখা যেতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন আল নাসরের নতুন কোচ অ্যাঞ্জে পোস্টেকোগ্লু। পর্তুগালের এই কিংবদন্তি সব সময়ই খেলার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন তিনি।
শনিবার বাংলাদেশ সময় রাত ১২টায় আল ফাতেহর বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে বর্তমান চ্যাম্পিয়ন আল নাসর। ম্যাচটি হবে পোস্টেকোগ্লুর অধীনে দলের প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ।
এই ম্যাচের আগে আল নাসর শিবিরে বড় স্বস্তি এসেছে রোনালদোর ফেরায়। জর্জিনা রদ্রিগেজকে বিয়ের পর ৪১ বছর বয়সী এই তারকা আবার অনুশীলনে ফিরেছেন।
রোনালদো প্রথম ম্যাচেই খেলবেন কি না, সংবাদ সম্মেলনে জানতে চাওয়া হলে পোস্টেকোগ্লু বলেন, ‘রোনালদো সব সময়ই প্রস্তুত।’
অনুশীলনে ফেরার সময় রোনালদোর নতুন চুলের সাজও নজর কেড়েছে। সামনে তার পেশাদার ফুটবলের ২৫তম মৌসুম।
অনুশীলনে রোনালদোকে স্বাগত জানানোর একটি ভিডিওতে পোস্টেকোগ্লুকে বলতে শোনা যায়, ‘স্বাগতম ক্রিস। অভিনন্দন। তোমার এবং তোমার পরিবারের জন্য শুভকামনা রইল।’
রোনালদোর সামনে এখন এমন একটি রেকর্ড গড়ার লক্ষ্য, যা আগে কোনো ফুটবলার করতে পারেননি। তিনি পেশাদার ক্যারিয়ারে এক হাজার গোলের মাইলফলক স্পর্শ করতে চান।
ক্লাব ও জাতীয় দলের হয়ে ১ হাজার ৩২৬ ম্যাচে রোনালদোর গোলসংখ্যা এখন ৯৭৬। অর্থাৎ ঐতিহাসিক মাইলফলক থেকে আর মাত্র ২৪ গোল দূরে তিনি।
গত মৌসুমে সৌদি প্রো লিগে ২৮ গোল করে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তৃতীয় হয়েছিলেন রোনালদো।
জর্জ জেসুসের স্থলাভিষিক্ত হয়ে গত ৩ জুলাই আল নাসরের দায়িত্ব নেন পোস্টেকোগ্লু। তার সঙ্গে দুই বছরের চুক্তি করেছে সৌদি ক্লাবটি।
আল নাসরের নতুন কোচের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো দলকে শিরোপা ধরে রাখতে সাহায্য করা। গত মৌসুমের শেষ দিনে আল হিলালকে দুই পয়েন্টে পেছনে ফেলে শিরোপা জিতেছিল আল নাসর।
আসন্ন মৌসুমের জন্য নিজের দলকে ভালোভাবে প্রস্তুত মনে করছেন পোস্টেকোগ্লু। তবে সামনে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ আসতে পারে বলেও সতর্ক তিনি।
পোস্টেকোগ্লু বলেন, ‘আমার দায়িত্ব হলো বর্তমানে যারা দলে আছে, তাদের নিয়ে কাজ করা। তারা সবাই দলের সঙ্গে রয়েছে।’
তিনি আরও বলেন, ‘তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ভালো। সবাই অনুশীলনে ভালো পারফরম্যান্স করছে।’
‘আমরা যখন চ্যালেঞ্জগুলো নিয়ে কথা বলেছি, তখনই বুঝতে পেরেছিলাম পরিস্থিতি ও চ্যালেঞ্জ ভিন্ন হতে পারে। তবে পরিস্থিতি যেমনই হোক, আমাদের তা মোকাবিলা করতে হবে এবং ভালোভাবে প্রস্তুতি নিতে হবে।’















