খেলাধুলা

মেসির শোকে পাশে মায়ামি, ব্যক্তিগত গোপনীয়তার আহ্বান কোচের

  প্রতিনিধি ১৫ আগস্ট ২০২৬ , ১:১২:৫১ প্রিন্ট সংস্করণ

লিওনেল মেসির বাবা হোর্হে মেসির মৃত্যুর পর ফুটবলে ফেরার সময়ে আর্জেন্টাইন তারকার ব্যক্তিগত পরিসর ও শোকের সময়কে সম্মান করার আহ্বান জানিয়েছেন ইন্টার মায়ামির কোচ গিয়ের্মো ওইয়োস।

গত ৮ আগস্ট আর্জেন্টিনার রোসারিও শহরের একটি হাসপাতালে ৬৮ বছর বয়সে মারা যান হোর্হে মেসি। বাবার মৃত্যুর পর মেসি কিছু সময়ের জন্য ফুটবল থেকে দূরে ছিলেন।

শুক্রবার সাংবাদিকদের ওইয়োস জানান, সবকিছু ধীরে ধীরে স্বাভাবিক হতে দিতে হবে। গভীর শোকের বিষয়টি রাতারাতি বদলে যায় না।

তিনি বলেন, ‘আমার মনে হয় সবকিছু ধীরে ধীরে এগোতে দেওয়া উচিত। এখানে গভীর বেদনা জড়িয়ে আছে এবং এমন কিছু রাতারাতি বদলে যায় না। তাই আমার বিশ্বাস, নীরবতাই সবচেয়ে ভালো পথ। নীরবতা, প্রশান্তি ও শান্তি—তাকে নিজের মতো করে সময় খুঁজে নিতে দিতে হবে। আমাদেরও তার পাশে থেকে সেই নীরবতার অংশ হতে হবে। আমার কাছে নীরবতা গুরুত্বপূর্ণ, কারণ শেষ পর্যন্ত এটিই মানুষকে সামনে এগিয়ে যাওয়ার পথ খুঁজে পেতে সাহায্য করে। তিনি সত্যিই অসাধারণ একজন মানুষ এবং তার পরিবারও অসাধারণ।’

শনিবার রাতে বিমানে রোসারিও পৌঁছান মেসি। আর্জেন্টিনার সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সেখানে তিনি একটি ব্যক্তিগত স্মরণসভায় অংশ নেন। পরে মিয়ামিতে ফিরে ইন্টার মায়ামির সঙ্গে অনুশীলনে যোগ দেন তিনি।

বুধবার লিগস কাপের ম্যাচে ক্লাব লেয়নের বিপক্ষে মাঠে ফেরেন মেসি। শুরুতে তাঁকে বদলি খেলোয়াড়দের বেঞ্চে রাখা হয়। দ্বিতীয়ার্ধের শুরুতে মাঠে নামেন তিনি এবং শেষ ৪৫ মিনিট খেলেন। মাঠে নামার সময় গ্যালারিতে উপস্থিত দর্শকেরা দাঁড়িয়ে করতালির মাধ্যমে তাঁকে স্বাগত জানান।দলের প্রতি মেসির দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন করা হলে ওইয়োস বলেন, ‘এ নিয়ে বলার মতো কোনো শব্দ নেই। একজন মানুষ হিসেবে তার মূল্য বোঝানোর মতো কোনো শব্দ আমি খুঁজে পাই না। আমরা খেলোয়াড় হিসেবে তার মূল্য নিয়ে কথা বলছি না, বরং বিশাল হৃদয়ের একজন অসাধারণ মানুষ হিসেবে তার মূল্য নিয়ে কথা বলছি। কখনো কখনো শব্দও যথেষ্ট হয় না।’

শুক্রবার সকালে দলের অন্য খেলোয়াড়দের সঙ্গে অনুশীলনও করেন মেসি। শনিবার ন্যাশভিলের বিপক্ষে ম্যাচ সামনে রেখে তাঁর কতটা সময় মাঠে থাকা উচিত এবং অধিনায়কের সঙ্গে কীভাবে যোগাযোগ রাখা হবে—এমন প্রশ্নের জবাবেও ব্যক্তিগত বিষয়কে সম্মান করার ওপর জোর দেন ইন্টার মায়ামি কোচ।

ওইয়োস বলেন, ‘কিছু বিষয় একান্তই ব্যক্তিগত। যেমন আপনাদের প্রত্যেকেরই নিজস্ব কিছু ব্যক্তিগত বিষয় থাকে। আমি যদি এসে আপনাদের একের পর এক প্রশ্ন করতে থাকি, আপনারাও হয়তো বলবেন, এটি ব্যক্তিগত বিষয়।’

তিনি আরও বলেন, ‘এ কারণেই আমি নীরবতার কথা বলছি। এমন একটি বিষয়কে অনেকেই গুরুত্ব দেন না। তারা কথা বলতে এবং নিজেদের মতামত দিতে ভালোবাসেন। কিন্তু আমার কাছে বিষয়টি হলো ব্যক্তিগত সীমারেখাকে সত্যিকার অর্থে সম্মান করা। তিনি এমন একজন মানুষ, যিনি স্বাভাবিকভাবেই কিছু কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। আমরা সেটিকে গভীরভাবে সম্মান করি।’

ন্যাশভিলের বিপক্ষে ম্যাচ শেষে আগামী বুধবার ফিলাডেলফিয়া ইউনিয়নের মাঠে খেলতে যাবে ইন্টার মায়ামি।

আরও খবর

Sponsered content