খেলাধুলা

ম্যাকাইতে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামতে প্রস্তুত শরিফুল

  প্রতিনিধি ১৯ আগস্ট ২০২৬ , ১:২০:১১ প্রিন্ট সংস্করণ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইনে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের একাদশে জায়গা না পাওয়াকে নিয়ে কোনো আক্ষেপ নেই পেসার শরিফুল ইসলামের। বরং চোটের কারণে প্রথম টেস্টে খেলতে না পারার বিরতিটা তার জন্য শারীরিকভাবে উপকারী হয়েছে বলে মনে করেন তিনি। তাই নিজেকে দুর্ভাগা ভাবছেন না এই বাঁহাতি পেসার।

চোটের কারণে ডারউইন টেস্টে খেলতে পারেননি শরিফুল। তার জায়গায় একাদশে সুযোগ পান এবাদত হোসেন। পরে দলের সঙ্গে যোগ দেন শরিফুল। এখন ম্যাকাইতে দ্বিতীয় টেস্টের জন্য নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত তিনি।

মঙ্গলবার ম্যাকাইতে সাংবাদিকদের শরিফুল বলেন, ‘না, প্রথম টেস্টে খেলতে না পারায় নিজেকে দুর্ভাগা মনে করছি না।’

তিনি বলেন, ‘যা হওয়ার, তা আগে থেকে জানিয়ে হয় না। চোট পাওয়ার পর কয়েক দিন বিশ্রাম নিয়েছি এবং পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন করেছি। আমার মনে হয়, এটি শরীরের জন্য ভালোই হয়েছে।’

ডারউইনে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে দারুণ খুশি শরিফুল। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট জয়ের সেই ম্যাচে খেলতে না পারলেও দলের সাফল্যে নিজেকে সবার চেয়ে বেশি আনন্দিত মনে হয়েছে তার।

শরিফুল বলেন, ‘আমি সবসময় যারা খেলছিল তাদের জন্য দোয়া করেছি, যাতে তারা নিজেদের সেরাটা দিতে পারে এবং আমরা ম্যাচটি জিততে পারি। যখন আমরা জিতলাম, তখন বাংলাদেশের অন্য সবার চেয়েও আমি বেশি খুশি হয়েছিলাম।’

‘সত্যিই খুব ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ। এমন একটি জয়ের অংশ হতে পেরে দারুণ লাগছে। অন্তত দলে না থেকেও ছবির অংশ হয়ে গেছি’, হাসতে হাসতে বলেন তিনি।

‘সত্যিই খুব ভালো লাগছে। এই ধারাটা আমি ধরে রাখার চেষ্টা করব। আমি সবসময় প্রস্তুত। দেখা যাক, ভাগ্যে থাকলে ইনশাআল্লাহ খেলব’, যোগ করেন শরিফুল।

মঙ্গলবার দীর্ঘ ভ্রমণ শেষে ম্যাকাইতে পৌঁছায় বাংলাদেশ দল। বিমানের দেরির কারণে বিমানবন্দরেই প্রায় ১৪ ঘণ্টা অপেক্ষা করতে হয়েছিল তাদের। তবে বিষয়টি নিয়ে খুব একটা চিন্তিত নন শরিফুল।

বরং ডারউইনের তুলনায় ম্যাকাইর আবহাওয়া বাংলাদেশের জন্য বেশি উপযোগী বলেই মনে করছেন তিনি। দেশে যেমন প্রচণ্ড গরম ও আর্দ্রতা, ম্যাকেতে তেমনটা নেই।

শরিফুল বলেন, ‘আমি এটাকে দীর্ঘ ভ্রমণ বলব না। বিমান দেরি করায় আমাদের অপেক্ষার সময়টা একটু বেড়ে গেছে।’

তিনি বলেন, ‘ডারউইনে থাকাকালে এখানকার চেয়ে অনেক বেশি গরম ছিল। এখানকার আবহাওয়া আমাদের জন্য ভালো। দেশে এখন প্রচণ্ড গরম, সেই তুলনায় এখানকার আবহাওয়া আমাদের জন্য বেশ উপযোগী।’

বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড এখনও দলের ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ রাখছেন বলেও জানান শরিফুল।

তিনি বলেন, ‘তিনি সবাইকে ব্যক্তিগতভাবে বার্তা পাঠান। আমাকে লিখেছেন, ‘শুভকামনা। চোট কাটিয়ে ফিরেছ, আশা করি পরের ম্যাচে খেলবে। তোমার জন্য শুভকামনা।’

এখন শরিফুলের চোখ বাংলাদেশের সামনে থাকা আরও বড় অর্জনের দিকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় নিশ্চিত করতে চান তিনি।

সিরিজ জয়ের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে শরিফুল বলেন, ‘অবশ্যই। কোন দল সিরিজ জিততে চায় না? আমরাও সিরিজ জিততে চাই। ইনশাআল্লাহ, আমরা চেষ্টা করব।’

আগামী শনিবার, ২২ আগস্ট ম্যাকাইর গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় শুরু হবে দ্বিতীয় টেস্ট। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে আরেকটি জয় বাংলাদেশকে চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার দৌড়ে আরও শক্ত অবস্থানে নিয়ে যাবে।

আরও খবর

Sponsered content