জাতীয়

নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

  প্রতিনিধি ১৫ আগস্ট ২০২৬ , ১১:০০:২০ প্রিন্ট সংস্করণ

প্রধানমন্ত্রী তারেক রহমান ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালের সম্প্রসারিত ৫০০ শয্যাবিশিষ্ট নতুন ভবনের উদ্বোধন করেছেন।

আজ শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতাল প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে নতুন এই ভবনটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান সঙ্গে ছিলেন।

উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন। তিনি অপারেশন থিয়েটার ও ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) ঘুরে দেখেন এবং হাসপাতালের চিকিৎসাসেবা ও রোগীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজ নেন।

নতুন ৫০০ শয্যাবিশিষ্ট ভবন চালুর মধ্য দিয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার সক্ষমতা আরও বাড়বে। বিশেষ করে নিউরোসায়েন্স-সংক্রান্ত জটিল রোগের চিকিৎসায় এ সম্প্রসারণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরে চিকৎসক,নার্স ও স্টাফদের উদ্দেশে বক্তব্য দেন প্রধানমন্ত্রী।

জানা গেছে, নতুন এই ভবন চালুর ফলে হাসপাতালটির মোট শয্যাসংখ্যা ১ হাজারটিতে উন্নীত হলো। নতুন ভবনটি ১৫ তলা বিশিষ্ট। এর নিচের তিনতলা বেজমেন্ট হিসেবে রাখা হয়েছে। সেখানে পার্কিং এরিয়ার পাশাপাশি সার্ভিস সেকশনও রয়েছে। উপরের ১২ তলায় ওয়ার্ড, অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক ইউনিটের ব্যবস্থা রয়েছে। এ ছাড়া সেখানে রয়েছে ৪০টি আইসিইউ বেড, ২৪টি পোস্ট-অপারেটিভ বেড ও ১১২টি কেবিন।

উল্লেখ্য, দেশে নিউরো রোগীদের চিকিৎসাসেবা বৃদ্ধির লক্ষ্যে ২০০৬ সালের ২৩ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বেগম খালেদা জিয়ার জন্মদিনে তার ছেলে তারেক রহমান এই হাসপাতালের নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন।

আরও খবর

Sponsered content