নাহিম মিয়া , স্টাফ রিপোর্টার (সিলেট) ১৪ জানুয়ারি ২০২৬ , ৩:১৫:২৫ প্রিন্ট সংস্করণ
সিলেটের গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি সুফিয়ান আহমদকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে সিলেট মহানগরীর শাহপরান উপশহর আবাসিক এলাকায় তার বোনের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
সুফিয়ান আহমদ গোয়াইনঘাট উপজেলার সদর ইউনিয়নের লাটি গ্রামের বাসিন্দা এবং কমর উদ্দিনের ছেলে। তিনি সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজের অনুসারী হিসেবে পরিচিত ছিলেন এবং বর্তমানে গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্বে রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুফিয়ান আহমদের বিরুদ্ধে গত ৫ আগস্টের পূর্বে জাফলং এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা এবং গোয়াইনঘাট থানাধীন বিজিবি ক্যাম্প লুটের ঘটনায় একাধিক মামলা রয়েছে। এছাড়া ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের সংগঠিত করে বর্তমান সরকারের বিরুদ্ধে ‘ঝটিকা মিছিল’ করার অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন।
এদিকে অভিযোগ উঠেছে, গ্রেফতারের আগে সুফিয়ান আহমদ গণধোলাইয়ের শিকার হন। শাহপরান এলাকায় তাকে চিনে ফেলার পর একদল লোক তাকে মারধর করে আহত করে। খবর পেয়ে শাহপরান (রহ.) থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হেফাজতে নেয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত সুফিয়ান আহমদের বিরুদ্ধে বিদ্যমান মামলাগুলোতে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।














