সারাদেশ

চুনারুঘাটে সায়হাম গ্রুপের উদ্যোগে ৮৪ পূজামণ্ডপে অনুদান

  নোমান মিয়া, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি ১৩ অক্টোবর ২০২৬ , ৩:২৪:৪৯ প্রিন্ট সংস্করণ

 

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হবিগঞ্জের চুনারুঘাটে উপজেলার ৮৪টি পূজামণ্ডপে নগদ অর্থ সহায়তা দিয়েছে শিল্পগোষ্ঠী সায়হাম গ্রুপ। সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে পূজামণ্ডপের প্রতিনিধিদের হাতে অনুদান তুলে দেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেন, বাংলাদেশ আবহমানকাল থেকেই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্ম-বর্ণ নির্বিশেষে এ দেশের মানুষ পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সৌহার্দ্যের মধ্য দিয়ে বসবাস করে আসছেন। এ ঐতিহ্য অক্ষুণ্ন রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ধর্মীয় উৎসবের মধ্য দিয়ে সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে হবে।

তিনি বলেন, বিএনপি সরকার সব ধর্মের মানুষের ধর্মীয় মূল্যবোধ ও বিশ্বাসকে সম্মান করে। ধর্ম পালন প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার। তাই সব ধর্মের মানুষ যেন নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সে বিষয়ে সরকার আন্তরিক। শারদীয় দুর্গাপূজা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে উদ্‌যাপনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

সৈয়দ মো. ফয়সল আরও বলেন, প্রধানমন্ত্রী সংসদীয় দলের সভায় সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজ করার নির্দেশ দিয়েছেন। ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশের সংকটময় সময়ে চুনারুঘাট-মাধবপুরসহ সারাদেশে শান্তিশৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে কাজ করা হয়েছে।

তিনি বলেন, মাধবপুর ও চুনারুঘাটে চাঁদাবাজি ও দখলদারি বরদাশত করা হবে না। বিএনপি সাম্য ও সমতার রাজনীতিতে বিশ্বাস করে। কারও ওপর জুলুম-নির্যাতন নয়, বরং সবার অধিকার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

সংসদ সদস্য আরও বলেন, দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবের পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্যেরও প্রতীক। উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে। পূজামণ্ডপে নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন, পূজা উদ্‌যাপন কমিটি এবং স্থানীয় জনগণকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

চুনারুঘাট উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি প্রণয় পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী, সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ইশতিয়াক আহমেদ, সায়হাম নিট কম্পোজিটের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাফকাত আহমেদ, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, সাবেক পৌর মেয়র নাজিম উদ্দিন শামসু এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজ আলীসহ বিভিন্ন পূজামণ্ডপের নেতারা।

অনুষ্ঠানে সায়হাম গ্রুপের পক্ষ থেকে চুনারুঘাটের ৮৪টি পূজামণ্ডপের প্রতিনিধিদের মধ্যে দুর্গোৎসব উদ্‌যাপনের জন্য নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়।

আয়োজক সূত্রে জানা গেছে, সায়হাম গ্রুপের পক্ষ থেকে মাধবপুর ও চুনারুঘাট উপজেলার মোট ২০৩টি পূজামণ্ডপে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে ২০ লাখ টাকার বেশি আর্থিক অনুদান দেওয়া হয়েছে।

আরও খবর

Sponsered content