মহসিন মোল্যা, মাগুরা জেলা প্রতিনিধি: ২৬ নভেম্বর ২০২৫ , ১২:৪৯:৪০ প্রিন্ট সংস্করণ
মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল এলাকার রিগালো প্রাইভেট লিমিটেড ফ্যাক্টরিতে সোমবার বিকেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মাগুরা ও শ্রীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের চারটি ইউনিট ১৭ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। মালিকপক্ষ দাবি করেছে, অগ্নিকাণ্ডে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ফ্যাক্টরির ম্যানেজার মামুন হোসেন জানান, সোমবার বিকেলে হঠাৎ ফ্যাক্টরির চিমনির আগুনের ফুলকি থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। পরে শ্রীপুর ফায়ার সার্ভিসকে খবর দিলে মাগুরা ও শ্রীপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়। আগুনে পাটকাঠি ও কাটকাঠি থেকে উৎপাদিত রপ্তানির জন্য প্রস্তুত পণ্য পুড়ে যায়, যা চায়নাতে রপ্তানি করা হতো।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার সামছুর রহমান জানান, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করা হয়। সোমবার বিকেল ৪টা থেকে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ধারণা করা হচ্ছে, ফ্যাক্টরিতে আগুন জ্বালানোর সময় চিমনির আগুনের ফুলকি থেকে আগুনের সূত্রপাত ঘটে।




















