মেহেদী হাসান, আমতলী (বরগুনা) প্রতিনিধি: ৩১ জানুয়ারি ২০২৬ , ১:০৮:০৫ প্রিন্ট সংস্করণ
বরগুনার আমতলীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে আমতলী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)-এর জমি দখল করে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি সাংবাদিক জসিম সিকদারের বাসার সন্নিকটে মো. সিদ্দিক কবিরাজ পাউবোর অধিগ্রহণকৃত প্রায় সাড়ে চার শতাংশ জমিতে পৌরসভার অনুমোদিত প্ল্যান ছাড়াই পাকা স্থাপনা নির্মাণ শুরু করেন। এ ঘটনায় পাউবো আমতলী অফিস ১৮ জানুয়ারি ২০২৬ তারিখে তাকে অবৈধ নির্মাণ কাজ বন্ধ এবং নির্মাণসামগ্রী অপসারণের নির্দেশ দেয়।
তবে অভিযোগ রয়েছে, প্রভাবশালীদের সহায়তায় মো. সিদ্দিক কবিরাজ সরকারি নির্দেশ অমান্য করে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন। শুক্রবার সরেজমিনে দেখা যায়, ২০–৩০ জন শ্রমিক নিয়ে তিনি দ্রুতগতিতে পাকা স্থাপনা নির্মাণ করছেন।
স্থানীয়দের অভিযোগ, কোটি কোটি টাকার সরকারি সম্পত্তি দখলের ঘটনায় কার্যকর প্রশাসনিক হস্তক্ষেপ দেখা যাচ্ছে না। অভিযোগ পেলে সাময়িকভাবে কাজ বন্ধ হলেও অল্পদিন পর আবার শুরু হয়, ফলে ধীরে ধীরে সরকারি জমি দখল হয়ে যাচ্ছে। এভাবে আমতলী পৌরসভার ১ ও ৩ নম্বর ওয়ার্ডে নিয়মিত সরকারি জমি দখলের ঘটনা ঘটছে বলে তারা জানান।
এ বিষয়ে পাউবো আমতলীর উপসহকারী প্রকৌশলী আজিজুর রহমান সুজন বলেন, অবৈধ স্থাপনা নির্মাণের খবর পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে নোটিশ দিয়ে কাজ বন্ধ ও মালামাল সরিয়ে নিতে বলা হয়েছে। নোটিশ অমান্য করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক মোহাম্মাদ জাফর আরিফ চৌধুরী বলেন, পৌরসভার অনুমোদিত প্ল্যান ছাড়া কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না এবং সরকারি জমিতে কোনো ধরনের স্থাপনা অনুমোদিত নয়। প্রয়োজনীয় সব উপায়ে সরকারি জমি উদ্ধার করা হবে।
বরগুনা পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. হান্নান প্রধান জানান, পানি উন্নয়ন বোর্ডের জমি দখলকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




















