নওগাঁ প্রতিনিধি: ২২ নভেম্বর ২০২৫ , ১১:২০:২৬ প্রিন্ট সংস্করণ
নওগাঁর মান্দায় জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা জামায়াতের আমির খন্দকার মুহাঃ আব্দুর রাকিবের নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে মান্দা এসসি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক ও বিভিন্ন বাজার এলাকা প্রদক্ষিণ করে।
শোভাযাত্রার আগে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে খন্দকার আব্দুর রাকিব বলেন, “সব প্রতীক দেখা শেষ—দাঁড়িপাল্লার বাংলাদেশ। পিছিয়ে থাকা মান্দাকে মডেল মান্দা হিসেবে গড়ে তোলা হবে। চাঁদাবাজি, ধান্দাবাজি ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনই আমাদের লক্ষ্য।”
সমাবেশে আরও বক্তব্য দেন জেলা কর্মপরিষদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা মো. মোস্তফা আল আমিন, উপজেলা আমির ডা. আমিনুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মাস্টার মোয়াজ্জেম হোসেন, সহকারী সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রকীব, ৪ নম্বর মান্দা ইউনিয়নের চেয়ারম্যান ডা. তোফাজ্জল হোসেন এবং উপজেলা যুব বিভাগের সভাপতি মোহাম্মদ আব্দুল মালেক।
বিদ্যালয় মাঠ থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি মান্দা ফেরিঘাট, জলছত্র মোড়, পাঁজরভাঙ্গা বাজার, জোতবাজার, প্রসাদপুর বাজার, দেলুয়াবাড়ি ও সাবাই বাজারসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে শেষ হয়। পুরো অনুষ্ঠান ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।




















