সারাদেশ

কাটিঙ্গা বিল দখলমুক্ত ও পুনঃস্থাপনের দাবিতে মাধবপুরে মানববন্ধন

  মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ৬ জুন ২০২৬ , ৮:১৮:২৭ প্রিন্ট সংস্করণ

 

হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী কাটিঙ্গা বিল দখলমুক্ত ও পুনঃস্থাপনের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন) বিকেল ৩টায় উপজেলার নয়াহাটি মোড়ে ‘কাটিঙ্গা বিল রক্ষা কমিটি’র উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে স্থানীয় পরিবেশপ্রেমী, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি এবং সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।

আয়োজকদের অভিযোগ, প্রায় ১৫ একর আয়তনের কাটিঙ্গা বিল দীর্ঘদিন ধরে অবৈধ দখল ও ভরাটের কারণে অস্তিত্ব সংকটে পড়েছে। ফলে বিলটির প্রাকৃতিক পরিবেশ, জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদ মারাত্মক হুমকির মুখে রয়েছে।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন কাটিঙ্গা বিল রক্ষা কমিটির আহ্বায়ক শফিকুল ইসলাম আবুল। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, কাটিঙ্গা বিল শুধু একটি জলাভূমি নয়, এটি এলাকার পরিবেশগত ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং মৎস্যসম্পদ বিকাশের গুরুত্বপূর্ণ আধার। বিলটি দখল ও ভরাটের কারণে পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। তাই দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।

সভা থেকে তিন দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো—

১. প্রশাসনের উদ্যোগে দ্রুত অবৈধ দখলমুক্ত করে বিলের সীমানা নির্ধারণ ও পুনঃস্থাপন।
২. মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে বিলটিকে মাছের অভয়ারণ্য হিসেবে ঘোষণা ও সংরক্ষণ।
৩. বন বিভাগের উদ্যোগে দেশীয় ও অতিথি পাখির নিরাপদ আবাসস্থল হিসেবে বিলটিকে বিশেষ সংরক্ষিত এলাকা ঘোষণা।

বক্তারা আরও বলেন, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় কাটিঙ্গা বিল সংরক্ষণে প্রশাসন, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তারা বিল রক্ষায় দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

কর্মসূচি শেষে কাটিঙ্গা বিলের পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

আরও খবর

Sponsered content