সারাদেশ

মান্দায় ১২৫ পূজামণ্ডপে সরকারি অনুদান বিতরণ

  নওগাঁ প্রতিনিধি ১৩ অক্টোবর ২০২৬ , ৩:১২:২০ প্রিন্ট সংস্করণ

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের লক্ষ্যে নওগাঁর মান্দায় ১২৫টি পূজামণ্ডপে সরকারি বরাদ্দের খাদ্যশস্যের ডিমান্ড অর্ডার (ডিও) ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুদান বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পূজামণ্ডপের প্রতিনিধিদের হাতে সরকারি অনুদান তুলে দেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. আতিয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলার ১২৫টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং পূজা উদ্‌যাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রতিটি পূজামণ্ডপের প্রতিনিধিদের হাতে সরকারি বরাদ্দের খাদ্যশস্যের ডিওর পাশাপাশি নগদ দুই হাজার টাকা করে দেওয়া হয়। এ হিসাবে ১২৫টি পূজামণ্ডপে মোট ২ লাখ ৫০ হাজার টাকা নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমানকাল থেকেই এ দেশের সব ধর্মের মানুষ মিলেমিশে নিজ নিজ ধর্মীয় উৎসব উদ্‌যাপন করে আসছেন। শারদীয় দুর্গাপূজা যাতে নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়, সে লক্ষ্যে সরকার সব ধরনের সহযোগিতা করছে।”

তিনি আরও বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাইকে উৎসব উদ্‌যাপন করতে হবে। পূজামণ্ডপের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে সজাগ থাকতে হবে।”

সভাপতির বক্তব্যে ইউএনও মোছা. আতিয়া খাতুন বলেন, শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনে উপজেলা প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে পূজা উদ্‌যাপন কমিটির নেতাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি যেকোনো প্রয়োজনে উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের নেতারা, প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content