দিনাজপুর প্রতিনিধি: ২৪ জুন ২০২৬ , ৯:৩৭:০৪ প্রিন্ট সংস্করণ
দিনাজপুরের বিরামপুরে পানি সাশ্রয়ী সেচ প্রযুক্তি ও পলিশেডে উৎপাদিত ফসলের গুণগত মান রক্ষার কলাকৌশল বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ জুন) উপজেলা পরিষদ কনফারেন্স রুমে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন ‘পানি সাশ্রয়ী সেচ প্রযুক্তি ও পলিশেড নির্মাণ প্রকল্প’-এর আওতায় এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)-এর সেচ বিভাগ প্রকল্পটি বাস্তবায়ন করে এবং এতে সহযোগিতা করে দিনাজপুর রিজিয়নের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়।
প্রশিক্ষণ শেষে বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তানজিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপির সহধর্মিণী ডা. শরিফা করিম স্বর্ণা।
তিনি বলেন, কৃষি প্রযুক্তিকে কাজে লাগিয়ে নারীদের কৃষিখাতে আরও বেশি সম্পৃক্ত হতে হবে। বর্তমান সমাজে নারীরা যাতে অবহেলিত না হন, সে জন্য হাঁস-মুরগি পালনসহ কৃষিভিত্তিক বিভিন্ন আত্মকর্মসংস্থানের মাধ্যমে তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠতে হবে।
মতবিনিময় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায় এবং সমাজসেবা কর্মকর্তা আব্দুল আউয়াল।
এ সময় কৃষক-কৃষাণী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।




















