প্রতিনিধি ২৭ আগস্ট ২০২৫ , ১২:৩৪:২২ প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের সঙ্গে দীর্ঘ আট বছরের সম্পর্ক ছিন্ন করেছেন কানাডীয় ফটোসাংবাদিক ভ্যালারি জিঙ্ক। গাজার সাংবাদিকদের হত্যাকাণ্ডে রয়টার্সের ভূমিকা এবং ইসরায়েলি কর্মকাণ্ডকে বৈধতা দিতে সাজানো সংবাদ প্রচারের অভিযোগে তিনি পদত্যাগ করেছেন।
পদত্যাগ ঘোষণার সময় ভ্যালারি প্রতীকী প্রতিবাদ হিসেবে নিজের রয়টার্স প্রেস কার্ড ছিঁড়ে ফেলেন। তিনি বলেন, “রয়টার্স আর সংবাদ সংস্থা নয়, এটি প্রোপাগান্ডার কনভেয়ার বেল্টে পরিণত হয়েছে, যা সাংবাদিকদের মৃত্যুর পথ সুগম করছে।”
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (পূর্বের টুইটার) দেওয়া পোস্টে ভ্যালারি লেখেন, গাজার সাংবাদিক হত্যাকে বৈধতা দেওয়ায় রয়টার্সের সঙ্গে আর কাজ করা সম্ভব নয়। তার ভাষায়, “প্রভাবশালী সংবাদমাধ্যমগুলো ইসরায়েলি যুদ্ধাপরাধ ঢাকতে কাজ করছে।”
তিনি বিশেষভাবে উল্লেখ করেন নাসের হাসপাতালে তথাকথিত “ডাবল-ট্যাপ” হামলার কথা, যেখানে অন্তত ছয় সাংবাদিক নিহত হন। নিহতদের মধ্যে রয়টার্সের নিজস্ব ক্যামেরাম্যান হোসাম আল-মাসরিও ছিলেন। এই ঘটনায় সাংবাদিক সমাজে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে।
ভ্যালারি দাবি করেন, পশ্চিমা সংবাদমাধ্যমগুলো ইসরায়েলের ভিত্তিহীন দাবিগুলো যাচাই না করেই প্রচার করছে। এর ফলে স্থানীয় সাংবাদিক আল-শরিফকে হামাস-সংশ্লিষ্ট বলে উপস্থাপন করা হয়, যা তার মতে সাংবাদিক হত্যাকে বৈধ করার বিপজ্জনক কৌশল।
তিনি বলেন, “রয়টার্স ইসরায়েলি প্রচারণার যন্ত্রে পরিণত হয়েছে, যা নিজেদের সাংবাদিকদেরও রক্ষা করতে পারেনি।”
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় অন্তত ২৪৬ জন সাংবাদিক নিহত হয়েছেন। একই সময়ে নিহত ফিলিস্তিনির সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৬২ হাজার ৭০০ জনে। জাতিসংঘের বিভিন্ন সংস্থা জানিয়েছে, গাজায় ইতিমধ্যেই দুর্ভিক্ষ শুরু হয়েছে।
ভ্যালারি গাজার সাংবাদিকদের সাহসিকতার প্রশংসা করে বলেন, “তাদের আত্মত্যাগের ঋণ আমি কখনো শোধ করতে পারব না।”











