প্রতিনিধি ২৯ জানুয়ারি ২০২৬ , ১২:৩৮:১৫ প্রিন্ট সংস্করণ
২০১৬ সালে রাজধানীর কল্যাণপুরে জাহাজবাড়িতে কথিত ‘জঙ্গি নাটক’ সাজিয়ে ৯ তরুণকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আটজনের বিরুদ্ধে আভিযোগ দাখিল করেছেন প্রসিকিউশন।
আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মামলায় এ প্রসিকিউশন দাখিল করা হয়।
এতে শেখ হাসিনাসহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি এ কে এম শহিদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান এসবি প্রধান মনিরুল ইসলামসহ আটজনকে অভিযুক্ত করা হয়েছে।
এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহিদুল হক, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া ও ডিএমপি মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার (ডিসি) মো. জসীম উদ্দীন মোল্লাকে কারাগারে পাঠানো হয়েছে। ট্রাইব্যুনালের অনুমতি নিয়ে এরই মধ্যে তাদের কয়েক দফা জিজ্ঞাসাবাদ করেছেন মামলার তদন্ত কর্মকর্তা।
প্রসঙ্গত, ২০১৬ সালের ২৫ জুলাই রাতে রাজধানীর কল্যাণপুরে ‘জাহাজবাড়ি’ নামে পরিচিত একটি ভবনে অভিযান চালায় পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। ‘অপারেশন স্টর্ম-২৬’ নামে পরিচালিত ওই অভিযানে ৯ তরুণকে গুলি করে হত্যা করা হয়।
পরে এ ঘটনায় জঙ্গি নাটক সাজিয়ে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলা দায়ের করা হয়।





















