সারাদেশ

হবিগঞ্জে দুইপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, নিয়ন্ত্রণে সেনা-পুলিশ

  হবিগঞ্জ প্রতিনিধি ১১ ফেব্রুয়ারি ২০২৬ , ৫:৫৭:২৩ প্রিন্ট সংস্করণ

হবিগঞ্জের লাখাই উপজেলায় জমি ভরাট ও পানি নিষ্কাশনের নালা বন্ধ করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কাটিহারা পূর্বপাড়া গ্রামের সিদ্দিকিয়া মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, কাটিহারা গ্রামের মৃত আব্দুস ছোবহানের ছেলে আব্দুল কাদির (৫৫) তার জমিতে মাটি ভরাট করে বাড়ি নির্মাণের কাজ শুরু করেন। ওই জমির ওপর দিয়ে দীর্ঘদিন ধরে গ্রামের পানি নিষ্কাশনের একটি নালা প্রবাহিত হতো। মাটি ভরাটের ফলে নালার পথ বন্ধ হয়ে যায়। গ্রামবাসী বিকল্প নালার ব্যবস্থা রাখার অনুরোধ জানালেও তিনি তা উপেক্ষা করে কাজ চালিয়ে যান বলে অভিযোগ রয়েছে।

বুধবার সকালে নির্মাণকাজ শুরু হলে মহিবুর আলমের (৫০) নেতৃত্বে গ্রামবাসীর একটি পক্ষ এতে বাধা দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ শুরু হয়।

খবর পেয়ে বাংলাদেশ পুলিশ-এর লাখাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্রের নেতৃত্বে একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাখাই আর্মি ক্যাম্প থেকে সেনাসদস্যরাও যোগ দেন। পুলিশ ও সেনাবাহিনীর যৌথ প্রচেষ্টায় দীর্ঘ চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় আহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও খবর

Sponsered content