মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: ১৬ নভেম্বর ২০২৬ , ৫:৪৪:৫৩ প্রিন্ট সংস্করণ
হবিগঞ্জের মাধবপুরে ঐতিহ্যবাহী খান্দুরা দরবার শরিফের বার্ষিক সুন্নি মহাসম্মেলনে ইসলামী বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাঁকে মাহফিলে আসতে বাধা দেওয়ার দাবিতে স্থানীয় বিএনপির একাংশের বিক্ষোভ এবং প্রশাসনের পক্ষ থেকে মাহফিল বন্ধের হুঁশিয়ারির অভিযোগে এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে।
রোববার (১৫ নভেম্বর) উপজেলার বহরা ইউনিয়নের তালিবপুর আহসানিয়া মিশন উচ্চবিদ্যালয় মাঠের সামনে এ মহাসম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
শনিবার কাশিমনগর বাজারে ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান প্রার্থী এম শাহীন আলম রিপনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা।
এ সময় তাঁরা তাহেরীর মাহফিলে অংশগ্রহণের বিরোধিতা করেন। বিক্ষোভে উপজেলা বিএনপির সদস্য ও ইউপি সদস্য এনামুল হক ফয়ছন, চৌমুহনী ইউনিয়ন বিএনপির সহসভাপতি মুজাহিদ, যুবদল নেতা মো. সেলিম, ছাত্রদল নেতা রাসেল মিয়া ও বিএনপি নেতা হাসিম মেম্বারসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভে এম শাহীন আলম রিপন বলেন, যেকোনো মূল্যে তাহেরীর অংশগ্রহণ প্রতিহত করা হবে। তিনি অভিযোগ করেন, তাহেরী বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এবং অতীতের সরকারের পক্ষে কথা বলে উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন। তাঁকে মাহফিলে অবাঞ্ছিত ঘোষণা করেন তিনি।
পরে রিপন বলেন, ‘আমরা মাহফিলের বিরুদ্ধে নই, শুধু তাহেরীর অংশগ্রহণের বিরুদ্ধে। তিনি মাহফিলে এলে আমরা আন্দোলন করব।’
অন্যদিকে মুফতি গিয়াস উদ্দিন তাহেরী বলেন, ‘সৎকাজে বাধা আসবেই। মাইক চললে অবশ্যই আমি উপস্থিত হয়ে আল্লাহ ও তাঁর রাসুলের বয়ান করব, ইনশাআল্লাহ।’ এ সময় তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) প্রতি আহ্বান জানান।
এদিকে খান্দুরা দরবার শরিফের পীর সৈয়দ রেজাউল কামাল ওয়াসিমের তত্ত্বাবধানে মহাসম্মেলনের প্রস্তুতি চলছে। তবে তাহেরীর অংশগ্রহণ নিয়ে প্রশাসনের পক্ষ থেকে তাঁকে নিরুৎসাহিত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা। আয়োজকদের আশঙ্কা, তাঁকে আমন্ত্রণ জানানোর কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে অনুষ্ঠান আয়োজনের বিষয়টি সামনে এনে মাহফিল বন্ধের উদ্যোগ নেওয়া হতে পারে।
স্থানীয় একটি সূত্র জানায়, তাহেরী বক্তা হিসেবে অংশ না নিলেও শ্রোতা হিসেবে মাহফিলে উপস্থিত হতে পারেন। তবে এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। অন্যদিকে তাঁর ভক্ত-অনুসারীরা মাহফিলে উপস্থিত থাকার আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালাচ্ছেন।
আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতা ও তাহেরীর ঘনিষ্ঠ সহচর মুফতি মোজাম্মেল হক মাসুমী বলেন, ‘প্রশাসনের কাজ নয় কোনো বক্তাকে নিষিদ্ধ করা। মাহফিলের অনুমতির কথা বলে ভয় দেখিয়ে তাহেরীর আসাকে বাধাগ্রস্ত করা হচ্ছে। এলাকার মানুষের ধর্মীয় চেতনা নিয়ে এ ধরনের খেলাধুলা বন্ধ করা প্রয়োজন।’
এ বিষয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। পাঠানো বার্তারও জবাব দেননি তিনি।
স্থানীয় কয়েকজনের দাবি, মাহফিলে অতিথিদের নাম অন্তর্ভুক্ত করা নিয়ে বিরোধ থেকেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে বিরোধের প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয়।
আয়োজকেরা জানান, বিএনপি নেতাদের এমন অবস্থানের কারণ তাঁদের কাছে পরিষ্কার নয়। তাঁরা আলোচনার মাধ্যমে বিরোধের সমাধান এবং মাহফিল ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে উপজেলা বিএনপির কয়েকজন নেতার বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাঁরা কথা বলতে রাজি হননি।















