সারাদেশ

মাধবপুরে অবৈধভাবে মাটি কাটায় ৫ লাখ টাকা জরিমানা

  মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: ১৬ নভেম্বর ২০২৬ , ৫:৪৭:২৩ প্রিন্ট সংস্করণ

হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে বোরো ফসলি জমির উর্বর মাটি কাটার দায়ে নাঈমুর রহমান (২৫) নামে এক ব্যক্তিকে ৫ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে তাঁকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার আদাঐর ইউনিয়নের শেওলিয়া ব্রিজের দক্ষিণ পাশে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান।
প্রশাসন সূত্রে জানা গেছে, একটি চক্র দীর্ঘদিন ধরে ওই এলাকার বোরো ফসলি জমি থেকে স্কেভেটর দিয়ে গভীর গর্ত করে মাটি কেটে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। এসব মাটি ইটভাটাসহ বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছিল। এতে কৃষিজমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশের ক্ষতি হচ্ছিল।
অভিযানে ফসলি জমির উপরিভাগের উর্বর মাটি কাটার সত্যতা পাওয়ায় ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ ধারা অনুযায়ী নাঈমুর রহমানকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।
দণ্ডপ্রাপ্ত নাঈমুর রহমান আদাঐর ইউনিয়নের হালুয়াপাড়া গ্রামের হাবিবুর রহমান হাবিবের ছেলে। অভিযানে উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও মাধবপুর থানা-পুলিশ সহযোগিতা করে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, কৃষিজমি ও পরিবেশের ক্ষতি করে অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্য করে কেউ মাটি কাটলে তাঁর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর

Sponsered content