প্রতিনিধি ১৭ ডিসেম্বর ২০২৫ , ৩:১০:৪৪ প্রিন্ট সংস্করণ
আবারও অস্কার থেকে ছিটকে পড়ল বাংলাদেশ। আসন্ন ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের সংক্ষিপ্ত তালিক থেকে বাদ পড়েছে বাংলাদেশ থেকে পাঠানো সিনেমা ‘বাড়ির নাম শাহানা’। গতকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) নিজেদের অফিসিয়াল ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে এই শর্টলিস্ট প্রকাশ করেছে অস্কারের আয়োজক অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস।
এবারের আসরে বাংলাদেশসহ মোট ৮৬টি দেশের সিনেমা অস্কারের আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে বিবেচিত হয়েছে। এরমধ্যে সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছে ১৫টি সিনেমা। এগুলো হলো- আর্জেন্টিনার ‘বেলেন’, ব্রাজিলের ‘দ্য সিক্রেট এজেন্ট’, ফ্রান্সের ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’, জার্মানির ‘সাউন্ড অব ফলিং’, ভারতের ‘হোমবাউন্ড’, ইরাকের “দ্য প্রেসিডেন্ট’স কেক”, জাপানের ‘কোকুহো’, জর্ডানের “অল দ্যাট লেফট’স অব ইউ”, নরওয়ের ‘সেন্টিমেন্টাল ভ্যালু’, ফিলিস্তিনের ‘প্যালেস্টাইন ৩৬’, দক্ষিণ কোরিয়ার ‘নো আদার চয়েস’, স্পেনের ‘সিরেট’, সুইজারল্যান্ডের ‘লেট শিফট’, তাইওয়ানের ‘লেফট-হ্যান্ডেড গার্ল’ ও তিউনিসিয়ার ‘দ্য ভয়েস অব হিন্দ রাজাব’।
এর মধ্যে অ্যাকাডেমির সব শাখার সদস্যদের ভোটে চূড়ান্ত মনোনয়ন পাবে ৫টি সিনেমা।
এদিকে, ৯৮তম অস্কারের সেরা আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার আশায় ‘বাড়ির নাম শাহানা’ ছাড়াও জমা পড়েছিল মাকসুদ হোসেন পরিচালিত ‘সাবা’, আকরাম খানের ‘নকশিকাঁথার জমিন’, শঙ্খ দাশগুপ্ত পরিচালিত ‘প্রিয় মালতী’ ও মনজুরুল ইসলাম মেঘের ‘ময়না’। বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের তত্ত্বাবধানে গঠিত অস্কার কমিটির ছয় সদস্য যাচাই-বাছাই ও পর্যালোচনা করে ‘বাড়ির নাম শাহানা’ চূড়ান্ত করে। কমিটিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের মোহাম্মদ জহিরুল ইসলাম। কমিটিতে সদস্য ছিলেন- সাংবাদিক ও সমালোচক সাজ্জাদ শরিফ, চিত্রগ্রাহক রাশেদ জামান, প্রযোজক শাহরিন আক্তার সুমি, পরিচালক শাহীন দিল-রিয়াজ ও চলচ্চিত্র বিষয়ক শিক্ষক এস এম ইমরান হোসেন।
নব্বই দশকের পটভূমিতে সত্যি ঘটনা অবলম্বনে নির্মিত ‘বাড়ির নাম শাহানা’ নির্মাণ করেছেন লিসা গাজী। অস্কারের ইতিহাসে এবারই প্রথম বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছে কোনো নারী পরিচালকের সিনেমা। এটির গল্প দীপা নামের এক নারীকে ঘিরে। কৈশোর পেরোনোর আগেই মেয়েটির বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে লড়াই চালিয়ে যায় সে। দীপা চরিত্রে অভিনয় করেছেন লক্ষ্মীট্যারা ব্যান্ডের গায়িকা আনান সিদ্দিকা। তিনি ও লিসা গাজী যৌথভাবে সিনেমার চিত্রনাট্য লিখেছেন। আর গত ১৯ সেপ্টেম্বর দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে বাণিজ্যিকভাবে মুক্তি পায় ‘বাড়ির নাম শাহানা’।











