বিনোদন

২১ মে চরকিতে ‘দম’

  প্রতিনিধি ১৫ মে ২০২৬ , ৯:১৭:০৯ প্রিন্ট সংস্করণ

বাংলা সিনেমাপ্রেমীদের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। আলোচিত চলচ্চিত্র দম আগামী ২১ মে থেকে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে। বুধবার দুপুরে প্রতিষ্ঠানটির ভেরিফায়েড ফেসবুক পেজে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়।

প্রেক্ষাগৃহে সফল প্রদর্শনের পর এবার ঘরে বসেই সিনেমাটি উপভোগ করার সুযোগ পাচ্ছেন দর্শকরা। কর্তৃপক্ষ জানিয়েছে, ২০ মে রাত ১২টার পর থেকেই বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের দর্শকরা চরকিতে সিনেমাটি দেখতে পারবেন।

বাস্তব এক ঘটনার অনুপ্রেরণায় নির্মিত ‘দম’ সিনেমার মূল গল্প আবর্তিত হয়েছে আফগানিস্তানে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা এক বাংলাদেশিকে ঘিরে। সিনেমাটির ট্যাগলাইন রাখা হয়েছে-‘আনটিল দ্য লাস্ট ব্রেথ’।

চলচ্চিত্রটি পরিচালনা করেছেন রেদওয়ান রনি। এতে অভিনয় করেছেন আফরান নিশো, চঞ্চল চৌধুরী, পূজা চেরি।

সিনেমাটি নিয়ে পরিচালক রেদওয়ান রনি বলেন, এটি কেবল একটি চলচ্চিত্র নয়, বরং বাংলাদেশের মানুষের সাহস ও জয়ের গল্প। ওটিটিতে মুক্তির ফলে আরও বেশি দর্শকের কাছে সেই গল্প পৌঁছে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘প্রেক্ষাগৃহে দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া তাদের নতুন উদ্যম জুগিয়েছে। তার মতে, ‘দম’ দেশের চলচ্চিত্র শিল্পকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি করেছে।’

চরকি কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের বাইরে থাকা দর্শকরাও কোনো ঝামেলা ছাড়াই প্ল্যাটফর্মটিতে সিনেমাটি দেখতে পারবেন। ফলে প্রেক্ষাগৃহের সীমাবদ্ধতা ছাড়াই বিশ্বজুড়ে বাংলা সিনেমাপ্রেমীরা উপভোগ করতে পারবেন বহুল আলোচিত এই সিনেমা।

আরও খবর

Sponsered content