প্রতিনিধি ২৪ জুন ২০২৬ , ২:৪২:৫৩ প্রিন্ট সংস্করণ
বিশ্বকাপ ফুটবল জ্বরে কাঁপছে পুরো বিশ্ব। সেই উন্মাদনাকে বাড়িয়ে দিতে দীর্ঘদিন পর নতুন গান নিয়ে ফিরলেন দেশের জনপ্রিয় পপ তারকা মিলা ইসলাম। সঙ্গে আছেন আরেক জনপ্রিয় সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদির। এর মধ্যদিয়ে দীর্ঘদিন পর আবারও একসঙ্গে কাজ করলেন তারা। গানের শিরোনাম ‘কাণ্ডারি চল’।
আজ বুধবার (২৪ জুন) শিল্পীদের নিজস্ব চ্যানেলসহ প্রযোজনা প্রতিষ্ঠানের ইউটিউব প্ল্যাটফর্মে গানটি প্রকাশ করা হবে। এই প্রজেক্টে চমক হিসেবে আরও থাকছে; মিলার সঙ্গে কণ্ঠ দিয়েছেন পান্থ কানাই, বাম্মি, সানজানা, নাইজেরিয়ান শিল্পী অলিবয় এবং র্যাপার ব্ল্যাক জ্যাং। গানের কথা লিখেছেন টাইগার চৌধুরী, মাহবুব মোর্শেদ, অলিবয় ও ব্ল্যাক জ্যাং।
‘কাণ্ডারি চল’ গানে ফুটবলকে শুধু খেলার মধ্যে সীমাবদ্ধ না রেখে তুলে ধরা হয়েছে এক বৃহত্তর আবেগ হিসেবে। যেখানে আছে স্বপ্ন, প্রতিযোগিতা, বন্ধুত্ব এবং উৎসবের অনুভূতি। গানটির সংগীতায়োজনে ব্যবহার করা হয়েছে লোকসংগীতের আবহ, স্টেডিয়ামের উচ্ছ্বাস, আধুনিক ইলেকট্রনিক সাউন্ডের মিশ্রণ এবং শক্তিশালী র্যাপ অংশ, যা গানটিকে দিয়েছে ভিন্নমাত্রা।
মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন মিরাজ হোসেন এবং প্রযোজনা করেছে রান আউট ফিল্মস। ভিডিওতে ফুটবল উৎসবের পাশাপাশি সাধারণ মানুষের উচ্ছ্বাস, রাস্তাঘাটের কোলাহল এবং বিশ্বকাপের আবহ ফুটিয়ে তোলা হয়েছে।
দীর্ঘদিন পর ফুয়াদের সঙ্গে কাজ করা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মিলা ইসলাম। তিনি বলেন, ‘অনেক বছর পর ফুয়াদ ভাইয়ের সঙ্গে কাজ করলাম। তার সঙ্গে করা গানগুলো আমার ক্যারিয়ারের সবচেয়ে সুন্দর স্মৃতিগুলোর অংশ। “কাণ্ডারি চল” শুধু একটি গান নয়, এটি ফুটবলের আনন্দ, স্বপ্ন আর একসঙ্গে এগিয়ে চলার গল্প।’


