সারাদেশ

জানুয়ারিতে চালু হচ্ছে সিলেটের ২৫০ শয্যার হাসপাতাল : ২০২৭ সালের প্রথম মাসে বহির্বিভাগে চিকিৎসাসেবা শুরুর আশা বাণিজ্যমন্ত্রীর

  আবুল কাশেম রুমন, সিলেট: ১৬ নভেম্বর ২০২৬ , ১২:২১:৪১ প্রিন্ট সংস্করণ

 

আগামী ২০২৭ সালের জানুয়ারি থেকে সিলেটে ২৫০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাসেবা চালুর আশা করা হচ্ছে। প্রাথমিকভাবে বহির্বিভাগের মাধ্যমে এ সেবা শুরু হবে। শনিবার (১৪ নভেম্বর) সিলেট সদর উপজেলা অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

ক্যান্সার, কিডনি ও হৃদরোগে আক্রান্ত রোগীদের মধ্যে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল প্রতিষ্ঠার অনুমোদন দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ২০২৭ সালের জানুয়ারি থেকে বহির্বিভাগের মাধ্যমে সেখানে চিকিৎসাসেবা চালুর আশা করা হচ্ছে।

এর আগে গত সেপ্টেম্বরের শুরুতে সিলেট সফরে এসে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছিলেন, সিলেটে উদ্বোধনের অপেক্ষায় থাকা ২৫০ শয্যার বিশেষায়িত হাসপাতালের আসবাবপত্র ও প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনার দরপত্র প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। কিছু কাজ বাকি রয়েছে। আগামী তিন মাসের মধ্যে হাসপাতালটি চালুর লক্ষ্যে দ্রুতগতিতে কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

নগরের চৌহাট্টা এলাকায় প্রায় ৮৫ কোটি টাকা ব্যয়ে হাসপাতালটি নির্মাণ করা হয়েছে। ২০২৩ সালে নির্মাণকাজ শেষ হলেও এখনো চালু করা সম্ভব হয়নি। ঐতিহ্যবাহী আবু সিনা ছাত্রাবাস ভেঙে নির্মিত হাসপাতালটি দীর্ঘদিন ধরে প্রায় পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে।

২০১৯ সালের জানুয়ারিতে ৬ দশমিক ৯৮ একর জায়গার ওপর জেলা হাসপাতালটির নির্মাণকাজের উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণপূর্ত অধিদপ্তর হাসপাতালটির অবকাঠামো নির্মাণের দায়িত্ব দেয় ঠিকাদারি প্রতিষ্ঠান পদ্মা অ্যাসোসিয়েশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডকে। ২০২০ সালের জানুয়ারিতে প্রতিষ্ঠানটি নির্মাণকাজ শুরু করে।

শনিবারের অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী আরও বলেন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অভ্যন্তরে নির্মাণাধীন ক্যান্সার হাসপাতাল ও কমপ্লেক্সের কাজ দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এটি চালু হলে অতিরিক্ত প্রায় ৪০০ থেকে ৪৫০ জন রোগী চিকিৎসাসেবা পাবেন।

তিনি আরও জানান, সিলেটে শিশুদের চিকিৎসাসেবা উন্নত করতে আগামী বছরের বাজেটে ২০০ শয্যাবিশিষ্ট একটি বিশেষায়িত শিশু হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে। এ ছাড়া সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে ১২০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল প্রতিষ্ঠার কাজও শুরু হয়েছে।

এসব প্রকল্প বাস্তবায়িত হলে সিলেট অঞ্চলে বিশেষায়িত চিকিৎসাসেবার পরিসর ও সক্ষমতা বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

আরও খবর

Sponsered content