বিনোদন

বিটিভিতে ‘টিকটক বউ’

  প্রতিনিধি ২৩ মে ২০২৬ , ১:১৮:৪১ প্রিন্ট সংস্করণ

মনির তার মা ও মামাকে সঙ্গে নিয়ে বিয়ের জন্য মেয়ে দেখতে যায়। মেয়ের নাম রায়না। টিকটকে রায়নাকে প্রথম দেখে মনির। দেখেই ভালো লেগে যায় তার। প্রাইভেট ফার্মে চাকরি করা মনিরের ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল সুন্দরী মেয়েকে বিয়ে করবে। এ কারণে বহু মেয়ে দেখেও তার মনে ধরেনি। মেয়ে দেখতে যাওয়ার ঘটনাকে ঘিরে নাটকে তৈরি হয় একের পর এক হাস্যরসাত্মক পরিস্থিতি।

মনিরের মামার সংলাপগুলোও দর্শকদের বাড়তি বিনোদন দেবে। বিয়ের আলাপচারিতায় পুরোনো ধ্যানধারণার বদলে উঠে আসে নতুন প্রজন্মের সামাজিক যোগাযোগমাধ্যম কেন্দ্রিক ভাবনা- ফেসবুক ভেরিফায়েড কি না, মনিটাইজেশন হয়েছে কি না কিংবা মাসে কত আয় হয়- এসব নিয়েই জমে ওঠে কথোপকথন। অবশেষে হাসি-ঠাট্টার মধ্যদিয়েই বিয়ে সম্পন্ন হয়। কিন্তু বাসর রাতের পরদিন ভোরে ঘটে অদ্ভুত এক ঘটনা! এরপর থেকেই গল্প মোড় নেয় ভিন্ন দিকে।

এমনই গল্প নিয়ে বিটিভি’র জন্য নির্মিত হয়েছে ঈদ বিশেষ নাটক ‘টিকটক বউ’। নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু এবং প্রযোজনা করেছেন আব্দুল্লাহ আল মামুন। অভিনয় করেছেন সালমান আরাফাত, নওশীন নাহার, জুলফিকার চঞ্চল, শ্যামল হাসান, কবির টুটুল, আরজুমান আরা বকুল, হুমায়ুন ফরিদ, সাবিহা জামান, বিমল ব্যানার্জি, সাবরিনা শফী নিসা ও আনোয়ার শাহী।

নির্মল বিনোদনের পাশাপাশি নাটকটি বর্তমান সামাজিক ও পারিবারিক বাস্তবতার একটি সূক্ষ চিত্র তুলে ধরবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ঈদের বিশেষ আয়োজনে ‘টিকটক বউ’ দর্শকদের জন্য হতে পারে ভিন্নধর্মী এক আনন্দের উপহার।

সমসাময়িক সামাজিক বাস্তবতা ও নির্মল হাস্যরসের মিশেলে নির্মিত এই নাটকটি বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) ঈদের দিন রাত ৯টায় প্রচারিত হবে।

 

আরও খবর

Sponsered content