মোঃ নুরুজ্জামান শেখ, গাজীপুর: ১৯ ডিসেম্বর ২০২৫ , ৪:৩৯:০৮ প্রিন্ট সংস্করণ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্র জনতা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং চরম ভোগান্তিতে পড়েন এ সড়ক ব্যবহারকারী যাত্রীরা।
শুক্রবার দুপুরে টঙ্গী কলেজগেট এলাকায় এ অবরোধ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ চলাকালে স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো এলাকা।
অবরোধ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক মহসিন উদ্দিন, জাতীয় যুবশক্তির গাজীপুর মহানগর শাখার সদস্য সচিব তানজিল মাহমুদ, মুখ্য সংগঠক আকাশ ঘোষ, যুগ্ম সদস্য সচিব সাইফুল ইসলাম আকাশ, টঙ্গী পশ্চিম থানা যুবশক্তির যুগ্ম আহ্বায়ক মো. ইসহাক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা শাওন, মোজাম্মেলসহ বিভিন্ন স্তরের তৌহিদী জনতা।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, শরীফ ওসমান হাদির হত্যার ঘটনায় এখনো জড়িতদের গ্রেপ্তার করা হয়নি। তারা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার জোর দাবি জানান।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।




















