বিশেষ প্রতিবেদন

আশুলিয়ায় আহত ছাত্রের বাবাকে নতুন অটোরিকশা উপহার দিলেন তারেক রহমান

  প্রতিনিধি ২৮ আগস্ট ২০২৫ , ১১:৩৫:২৬ প্রিন্ট সংস্করণ

আশুলিয়ার বাইপাইলে ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়ে মাথায় গুলিবিদ্ধ হয়েছিলেন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার মোহাম্মদ ইমরান। ছেলের চিকিৎসার খরচ জোগাতে একমাত্র উপার্জনের অবলম্বন অটোরিকশা বিক্রি করে দেন বাবা বিল্লাল। এরপর থেকে ধারদেনায় চলতে থাকে ইমরানের পরিবার। গণমাধ্যমে বিষয়টি প্রকাশিত হলে অনেকেই সাহায্যের হাত বাড়ান।

জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রকিবুল হাসান রাকিবের উদ্যোগে বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে এলে ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে বিল্লালকে একটি নতুন অটোরিকশা দেওয়ার সিদ্ধান্ত হয়।

গত বুধবার (২৭ আগস্ট) বিকালে জামালপুরের দেওয়ানগঞ্জ গার্লস হাইস্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে অটোরিকশার চাবি তুলে দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এসময় উপস্থিত ছিলেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, দলের কোষাধ্যক্ষ এম. রশিদুজ্জামান মিল্লাত, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনসহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

নতুন অটোরিকশা হাতে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন বিল্লাল। তিনি বলেন, “ছেলের চিকিৎসার জন্য অটোরিকশা বিক্রি করার পর অনেক কষ্টে সংসার চালিয়েছি। আজ আবার নতুন অটোরিকশা পেয়ে আমি আনন্দিত। সংসার চালাতে আর কষ্ট হবে না।”

জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রকিবুল হাসান রাকিব জানান, “গত ২৪ মে আহত ইমরানকে নিয়ে প্রকাশিত সংবাদটি আমার নজরে আসে। পরে আমি তার বাড়িতে গিয়ে পরিবারের খোঁজখবর নিয়ে বিষয়টি আমরা বিএনপি পরিবারকে অবহিত করি। এরপরই তারেক রহমানের নির্দেশে ইমরানের বাবাকে নতুন অটোরিকশা দেওয়া হয়।”

আরও খবর

Sponsered content