খেলাধুলা

হাসপাতালে ভারতীয় ওপেনার, পরের ম্যাচে অনিশ্চিত

  প্রতিনিধি ১১ ফেব্রুয়ারি ২০২৬ , ৩:১০:৪২ প্রিন্ট সংস্করণ

পেটের সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের তারকা ব্যাটার অভিষেক শর্মা। ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপে নামিবিয়ার বিপক্ষে ম্যাচে তার খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ভারতীয় দৈনিক জাগরণের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার নামিবিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচের আগে জানা যায়, যুক্তরাষ্ট্রের বিপক্ষে আগের ম্যাচের আগেই অসুস্থ ছিলেন অভিষেক। ম্যাচ খেলার পর তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। জানা গেছে, তার উচ্চমাত্রার জ্বর ছিল এবং দ্রুত সুস্থতার জন্য তাকে স্যালাইন দেওয়া হয়। এ কারণে তিনি নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দলের অনুশীলনেও অংশ নেননি।

মঙ্গলবার সংবাদমাধ্যমকে ভারতের সহকারী কোচ রায়ান টেন ডয়েশকাটে বলেন, ‘অভি (অভিষেক) এখনও পেটের কিছু সমস্যায় ভুগছে। আমরা আশাবাদী, দুই দিনের মধ্যে সে খেলতে পারবে।’

যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচে অভিষেক গোল্ডেন ডাক হয়ে আউট হন। অসুস্থতার কারণে ভারতের বোলিংয়ের সময় তিনি মাঠে নামেননি, তার বদলে পুরো ইনিংসে ফিল্ডিং করেন সঞ্জু স্যামসন। এমনকি দলের জয়ের পর ম্যাচ-পরবর্তী করমর্দনেও দেখা যায়নি তাকে।

বিসিসিআইয়ের এক সূত্র পিটিআইকে জানায়, ‘পেটের সংক্রমণের কারণে অভিষেককে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সমস্যার কারণ নির্ধারণে কিছু পরীক্ষা-নিরীক্ষা চলছে। আজ তাকে ছাড়পত্র দেওয়া হবে কি না, তা এখনও নিশ্চিত নয়। আপাতত নামিবিয়ার বিপক্ষে ম্যাচে তার খেলা সন্দেহজনক।’

এদিকে রায়ান টেন ডয়েশকাটে নিশ্চিত করেছেন, ১২ ফেব্রুয়ারি নামিবিয়ার বিপক্ষে দ্বিতীয় গ্রুপ ম্যাচের আগে ভারতীয় দলে যোগ দিয়েছেন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর।

মঙ্গলবার দিল্লিতে প্রাক-ম্যাচ সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সুন্দর গতকাল দলে যোগ দিয়েছে এবং আজ দলের সঙ্গে অনুশীলন করবে।’

চোট কাটিয়ে ফেরা জসপ্রিত বুমরাহর ফিটনেস নিয়েও আপডেট দেন ডয়েশকাটে। তিনি বলেন, ‘১০ দিনের বিরতির পর বুমরাহ বোলিং শুরু করেছে এবং এখন অনেক ভালো অনুভব করছে। সে স্বাভাবিকভাবে নড়াচড়া করছে এবং আজ আবারও বোলিং করবে।’

যুক্তরাষ্ট্রের বিপক্ষে ভারতের সাম্প্রতিক জয়ের প্রসঙ্গে সূর্যকুমার যাদবের পারফরম্যান্সের প্রশংসা করেন সহকারী কোচ। তিনি বলেন, ‘সৌভাগ্যক্রমে আমাদের অধিনায়ক ভালো খেলেছে। গত এক বছরে তার সময়টা খুব ভালো যাচ্ছিল না, কিন্তু এজন্যই তার পাশে ভালো মানুষরা আছে। তার নেতৃত্ব ও ধারাবাহিকতা গত সপ্তাহে যেভাবে দলকে বিপদ থেকে উদ্ধার করেছে, তাতেই তা স্পষ্ট।’

আরও খবর

Sponsered content