প্রতিনিধি ৩০ জুলাই ২০২৬ , ১২:২৫:১০ প্রিন্ট সংস্করণ
২০২৬ ফিফা বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ফুটবলপ্রেমীদের নজর কাড়ার পর চিলির ঐতিহ্যবাহী ক্লাব কোলো-কোলোর সঙ্গে ফ্রি এজেন্ট হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহা। তবে নতুন ক্লাবে যোগ দিয়েই অদ্ভুত এক নিয়মের মুখে পড়েছেন ৪০ বছর বয়সী এই গোলরক্ষক। চিলিয়ান প্রিমেরা ডিভিশনের বিধিনিষেধের কারণে নিজের পরিচিত ডাকনাম ‘ভোজিনহা’ আর জার্সিতে ব্যবহার করতে পারবেন না তিনি।
চিলিয়ান প্রিমেরা ডিভিশনের নিয়ম অনুযায়ী, কোনো ফুটবলার জার্সির পেছনে ডাকনাম ব্যবহার করতে পারবেন না। খেলোয়াড়দের নিজস্ব নাম বা পারিবারিক পদবি ব্যবহার করতেই হবে। এই নিয়ম ভঙ্গ করে কেউ মাঠে নামলে তাকে সরাসরি হলুদ কার্ড দেখানো হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্লাবকে গুনতে হবে মোটা অঙ্কের জরিমানাও।
এ কারণে কোলো-কোলোর হয়ে খেলতে হলে ভোজিনহাকে নিজের আসল নাম অথবা পারিবারিক পদবি ব্যবহার করতে হবে।
ফুটবল বিশ্বে ‘ভোজিনহা’ নামেই পরিচিত এই গোলরক্ষকের পুরো নাম জোসিমার হোসে এভোরা দিয়াস। ফলে বর্তমান নিয়ম বহাল থাকলে আগামী মৌসুমে তার জার্সির পেছনে ‘এভোরা’, ‘দিয়াস’ অথবা ‘এভোরা দিয়াস’ লেখা থাকবে।
চিলিয়ান লিগের এই নিয়ম পরিবর্তন করতে হলে লিগের সব ক্লাবের মালিকদের সর্বসম্মত অনুমোদন প্রয়োজন। তবে এমন পরিবর্তনের সম্ভাবনা খুবই কম বলে মনে করা হচ্ছে। ফলে কোলো-কোলোর জার্সিতে নিজের জনপ্রিয় ডাকনাম ধরে রাখার সুযোগ আপাতত পাচ্ছেন না কেপ ভার্দের এই অভিজ্ঞ গোলরক্ষক।
শুধু নাম নয়, জার্সি নম্বরেও পরিবর্তন আসতে পারে ভোজিনহার। কোলো-কোলোর ১ নম্বর জার্সিটি বর্তমানে গোলরক্ষক ফার্নান্দো দে পলের দখলে রয়েছে। তাই নতুন মৌসুমে ভোজিনহাকে সম্ভবত ১৬ নম্বর জার্সি পরেই মাঠে নামতে হবে।
বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্সের সুবাদে আলোচনায় উঠে আসা ভোজিনহার জন্য কলো-কলোতে নতুন অধ্যায় শুরু হলেও, সেই যাত্রার শুরুতেই তাকে মানিয়ে নিতে হচ্ছে চিলিয়ান ফুটবলের কঠোর নিয়মের সঙ্গে।















