খেলাধুলা

“বিএনপি সমঅধিকার ও সবার উন্নয়নে বিশ্বাসী”- ডা. এ জেড এম জাহিদ হোসেন

  মোঃ শাহ্ আলম মন্ডল, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: ৩০ অক্টোবর ২০২৫ , ১০:৩১:৩৬ প্রিন্ট সংস্করণ


বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি সমঅধিকারে বিশ্বাস করে। বিএনপি মনে করে—ধনী-গরিব, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সব ধর্ম-বর্ণের মানুষের উন্নতি ঘটলেই বাংলাদেশ এগিয়ে যাবে, আধুনিক বাংলাদেশ গড়ে উঠবে।

তিনি বলেন, “যারা দেশটাকে লুটেপুটে খেয়েছে, তারা পালিয়ে গেছে। কিন্তু পালিয়ে যাওয়ার ইতিহাস বিএনপি’র নাই। বিএনপি’র ইতিহাস জনগণের পাশে থাকার ইতিহাস—শহীদ জিয়ার ইতিহাস, বেগম খালেদা জিয়ার ইতিহাস, সুখে-দুঃখে জনগণের পাশে থাকার ইতিহাস।”

ডা. জাহিদ আরও বলেন, “একটি মহল নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। আগে নাকি গণভোট হতে হবে! অথচ বাংলাদেশের মানুষ ১৭ বছর ধরে ভোট দিতে পারেনি। তাই জনগণ আজ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। দেশের মানুষ ঐক্যবদ্ধ—তারা আর কোনো ষড়যন্ত্রের কাছে মাথা নত করবে না।”

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে দিনাজপুরের বিরামপুর পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপি’র আয়োজনে পূর্বপাড়া ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন ৫নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আমিরুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাজেদুর রহমান নাদিম ও পৌর যুবদলের সদস্য সচিব পলাশ বিন আশরাফী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, জেলা বিএনপি সহ-সভাপতি তোছাদ্দেক হোসেন তোছা, পৌর বিএনপি সভাপতি হুমায়ুন কবির, সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর হুমায়ুন কবির মিলন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর শওকত আলী, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ভিপি কমর সেলিম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুর রব তোতা প্রমুখ।

পথসভায় পৌরসভার ৫নং ওয়ার্ডের পুরুষদের পাশাপাশি বিপুল সংখ্যক নারীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। এতে পৌর ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন।

এর আগে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বিরামপুর সরকারি কলেজ অডিটোরিয়ামে উপজেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় এবং পরে মুকুন্দপুর ইউনিয়ন বিএনপি’র আয়োজিত মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।

আরও খবর

Sponsered content