প্রতিনিধি ২০ জুলাই ২০২৬ , ১২:০৮:৪৩ প্রিন্ট সংস্করণ
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে আসল বিশ্বকাপ ট্রফি স্পর্শ করায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। অনেকেই দাবি করেন, ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই ট্রফি কেবল বিশ্বকাপজয়ীরাই স্পর্শ করতে পারেন। তবে ফিফা জানিয়েছে, এমন ধারণা সঠিক নয় এবং ট্রাম্প কোনো নিয়ম ভঙ্গ করেননি।
এদিন নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার ফাইনাল দেখতেউপস্থিত ছিলেন ট্রাম্প। তার আগমনকে কেন্দ্র করে স্টেডিয়ামে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। এতে দর্শক, সাংবাদিক ও স্টেডিয়াম কর্মীদের দীর্ঘ সময় নিরাপত্তা তল্লাশির লাইনে অপেক্ষা করতে হয়।
ম্যাচের নবম মিনিটে ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো নাজারিও ট্রাম্পের হাতে আসল বিশ্বকাপ ট্রফি তুলে দেন। ট্রাম্প ট্রফিটিতে আলতোভাবে তিনবার স্পর্শ করেন এবং পরে রোনালদোর সঙ্গে হাসিমুখে ছবিও তোলেন।
ঘটনার ভিডিও ও ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় আলোচনা। কেউ লেখেন, ‘বিশ্বকাপ ট্রফি তো শুধু চ্যাম্পিয়নরাই ছুঁতে পারেন’, আবার কেউ প্রশ্ন তোলেন, ‘ট্রাম্প কি ফিফার নিয়ম ভেঙেছেন?’
তবে ফিফা জানিয়েছে তাদের নির্দেশিকায় এমন কোনো বিধান নেই যে কেবল বিশ্বকাপজয়ীরাই ট্রফি স্পর্শ করতে পারবেন। সংস্থাটির প্রটোকল অনুযায়ী, রাষ্ট্রপ্রধান, ফিফার কর্মকর্তারা এবং সাবেক বিশ্বকাপজয়ীদের মতো নির্বাচিত ব্যক্তিরাও বিশেষ অনুমতিতে মূল বিশ্বকাপ ট্রফি স্পর্শ করতে পারেন। সে হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের ট্রফি স্পর্শ করা ফিফার কোনো নিয়মের লঙ্ঘন নয়।
বিশ্বকাপ ট্রফি ঘিরে এর আগেও বিতর্ক হয়েছে। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের পর পপ তারকা রিহানা ট্রফি হাতে ছবি তোলায় আলোচনা সৃষ্টি হয়েছিল। সবচেয়ে বড় বিতর্ক হয় ২০২২ কাতার বিশ্বকাপের পর। আর্জেন্টিনার শিরোপা জয়ের উদযাপনের সময় মাঠে নেমে বিশ্বকাপ ট্রফি হাতে ছবি তোলেন জনপ্রিয় শেফ ‘সল্ট বে’। খেলোয়াড়দের বিরক্ত করা এবং ফিফার প্রটোকল ভঙ্গের অভিযোগে তিনি তীব্র সমালোচনার মুখে পড়েন। পরে তার কর্মকাণ্ড নিয়ে তদন্তও করে ফিফা।















