খেলাধুলা

ব্যাটিং বিপর্যয়ের কোনো অজুহাত নেই: শান্ত

  প্রতিনিধি ২৩ আগস্ট ২০২৬ , ২:১৯:১৯ প্রিন্ট সংস্করণ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাকাইয়ে ব্যাটিং ব্যর্থতার দায় স্বীকার করেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কঠিন কন্ডিশনকে অজুহাত না দেখিয়ে তিনি পরিষ্কারভাবে বলেছেন, বাংলাদেশ আসলেই ভালো ব্যাটিং করতে পারেনি।

দ্বিতীয় টেস্টে মাত্র দুই দিনের মধ্যেই ইনিংস ও ৫১ রানে হেরে গেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৬৪ এবং দ্বিতীয় ইনিংসে ৯৫ রানে অলআউট হয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করেছে টাইগাররা।

শান্ত স্বীকার করেছেন, টসের প্রভাব ছিল। অস্ট্রেলিয়া টস জিতে প্রথমে বোলিং নেয়, আর উইকেটে পেসারদের জন্য যথেষ্ট মুভমেন্ট ছিল।

ম্যাচ শেষে শান্ত বলেন, ‘আমি মনে করি টসটা বড় একটা বিষয় ছিল, বিশেষ করে প্রথম ইনিংসে ব্যাটিং করা বেশ কঠিন ছিল। কিন্তু কোনো অজুহাত নেই। আমরা ভালো ব্যাটিং করিনি এবং ওরা খুব ভালো বোলিং করেছে।’

ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে বাংলাদেশের অন্যতম সেরা টেস্ট জয় পাওয়ার মাত্র এক সপ্তাহ পরই ম্যাকাইয়ে এমন ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে দলটি।

শান্ত মনে করেন, ম্যাকের টেস্ট বাংলাদেশের ব্যাটিংয়ের কিছু দুর্বলতা সামনে এনে দিয়েছে, যেগুলো নিয়ে কাজ করা প্রয়োজন, ‘চ্যালেঞ্জটা ছিল। তবে আমি এখনও মনে করি, সামনে এগিয়ে যেতে আমাদের কিছু টেকনিক্যাল জায়গায় উন্নতি করতে হবে।’

দুই ইনিংসেই বাংলাদেশের ব্যাটিং ছিল পুরোপুরি ব্যর্থ। কোনো ব্যাটারই হাফসেঞ্চুরি করতে পারেননি। এর ফলে ২১ বছর পর প্রথমবার কোনো দল টেস্টের দুই ইনিংসেই ১০০ রানের নিচে অলআউট হওয়ার লজ্জার রেকর্ড গড়েছে।

দ্বিতীয় ইনিংসে ৩১ রান করে কিছুটা প্রতিরোধ গড়ে তুলেছিলেন শান্ত। নাথান লায়নের বলে লং-অফে ক্যাচ দিয়ে ফেরার আগে বাংলাদেশকে ঘুরে দাঁড়ানোর আশা দেখাচ্ছিলেন তিনি। তবে নিজের আউটকেও মেনে নিতে পারছেন না বাংলাদেশ অধিনায়ক, ‘নিজের কথা বললে, ওই অবস্থায় সেট হয়ে যাওয়ার পর আউট হওয়াটা সত্যিই গ্রহণযোগ্য নয়। সত্যি বলতে, আমার আরও কিছুক্ষণ টিকে থাকা উচিত ছিল।’

আরও খবর

Sponsered content