প্রতিনিধি ১০ অক্টোবর ২০২৬ , ১২:৫৫:২৭ প্রিন্ট সংস্করণ
প্রায় দুই বছর ধরে কিডনি ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন দেশের জনপ্রিয় সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু। এরই মধ্যে সম্প্রতি মস্তিষ্কে অস্ত্রোপচার হয়েছে তার। দীর্ঘদিন হাসপাতালে থাকার পর বর্তমানে যুক্তরাষ্ট্রে নিজ বাসায় রয়েছেন তিনি। তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সবার কাছে দোয়া চেয়েছেন গীতিকার কবির বকুল।
এক ফেসুবক পোস্টে কবির বকুল জানান, ইবরার টিপু বর্তমানে গুরুতর অসুস্থ। সম্প্রতি ভিডিও কলে তার সঙ্গে কথা হয়েছে বলেও জানান তিনি।
কবির বকুলের ভাষায়, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছেন তার প্রিয় এই সংগীত পরিচালক।
কবির বকুলের পোস্ট অনুযায়ী- ইবরার টিপুর স্ত্রী সংগীতশিল্পী বিন্দু কণা জানিয়েছেন, দীর্ঘদিন হাসপাতালে থাকার পর তাকে বাসায় ফিরিয়ে নেওয়া হয়েছে। হাসপাতালে যথাযথ চিকিৎসা হচ্ছিল না বলে পরিবারের সদস্যরা মনে করেছেন বলেও উল্লেখ করেন তিনি।
ইবরার টিপুর সঙ্গে নিজের স্মৃতিচারণা করে কবির বকুল জানান, এ বছর রোজার ঈদে অসুস্থ শরীর নিয়েই নিউইয়র্কে তার বাসায় গিয়েছিলেন এই সংগীত পরিচালক। দীর্ঘদিন পর ভিডিও কলে কথা বলে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।
বাংলা সংগীতাঙ্গনে ইবরার টিপুর রয়েছে উল্লেখযোগ্য অবদান। তার সুর ও সংগীতায়োজনে তৈরি হয়েছে বহু জনপ্রিয় গান। এর মধ্যে রয়েছে, ‘তুমি আমার ঘুম’, তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখি না’, ‘ও পৃথিবী এবার এসে বাংলাদেশ নাও চিনে’ এবং ‘বেশ বেশ বেশ, সাবাস বাংলাদেশ।’
প্রিয় সহকর্মীর অসুস্থতায় ব্যথিত কবির বকুল সবার কাছে ইবরার টিপুর সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।















