প্রতিনিধি ২০ জুলাই ২০২৬ , ১০:১৮:১৩ প্রিন্ট সংস্করণ
বলিউডের ‘ভাইজান’ সালমান খানের বয়স ৬০ পেরোলেও তাকে ঘিরে অনুরাগীদের আগ্রহে এতটুকুও ভাটা পড়েনি। সম্প্রতি মুম্বাইয়ের একটি সরকারি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন অভিনেতা। সেই অনুষ্ঠান থেকে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিও ঘিরেই শুরু হয় নতুন জল্পনা।
ভিডিওগুলোতে সালমানকে কিছুটা ক্লান্ত ও শীর্ণ দেখাচ্ছে এমন দাবি করেন নেটিজেনদের একাংশ। এরপরই সামাজিক মাধ্যমে শুরু হয় নানা আলোচনা। তবে কি শারীরিকভাবে অসুস্থ অভিনেতা? অতিরিক্ত কাজের চাপ, নাকি ভোর পর্যন্ত জেগে থাকার অভ্যাস কী কারণে এমন দেখাচ্ছে তাকে, তা নিয়ে যখন জল্পনা তুঙ্গে, তখনই যেন নিজের মতো করে জবাব দিলেন সালমান।
সোমবার গভীর রাতে ইনস্টাগ্রামে কয়েকটি সাদা-কালো ছবি শেয়ার করেন অভিনেতা। নিজের ফার্মহাউসে তোলা ছবিগুলোতে কখনও কাউবয় টুপি, আবার কখনও বেরেট টুপিতে দেখা যায় তাকে। ছবিগুলোতে বেশ শান্ত মেজাজেই ছিলেন অভিনেতা। তবে ছবির চেয়েও বেশি নজর কেড়েছে তার ক্যাপশন। গম্ভীর মুখের একটি ছবির সঙ্গে সালমান লেখেন, ‘আপ লোগোঁ কি তবিয়ত ক্যায়সি হ্যায়?’ অর্থাৎ, ‘আপনাদের শরীর-স্বাস্থ্য সব ঠিক আছে তো?’
নেটিজেনদের একাংশের মতে, নিজের শারীরিক অবস্থা নিয়ে তৈরি হওয়া জল্পনার পর এভাবেই পরোক্ষভাবে জবাব দিয়েছেন অভিনেতা। তাদের ধারণা, যারা তার স্বাস্থ্য নিয়ে অযথা আলোচনা ও গুজব ছড়িয়েছিলেন, এই পোস্ট মূলত তাদের উদ্দেশ্যেই করা।
সালমানের পোস্টটি প্রকাশ্যে আসার পরই তা দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। অনুরাগীদের অনেকেই অভিনেতার রসবোধের প্রশংসা করেছেন।
এদিকে কাজের দিক থেকে সালমান খানকে সামনে দেখা যাবে ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ ছবিতে। অপূর্ব লাখিয়া পরিচালিত এবং সালমা খান প্রযোজিত ছবিটির নাম আগে ছিল ‘ব্যাটল অব গালওয়ান’। ছবিতে সালমানের সঙ্গে অভিনয় করছেন চিত্রাঙ্গদা সিং।
বছরের শুরুতেই ছবিটি মুক্তি পাওয়ার কথা থাকলেও পরে তা পিছিয়ে যায়। এর মধ্যে সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়ে নানা জল্পনা তৈরি হলেও প্রযোজনা সংস্থার পক্ষ থেকে সেই গুঞ্জন পুরোপুরি নাকচ করা হয়েছে। ট্রোলারদের জবাব দেওয়া হোক কিংবা রুপালি পর্দায় প্রত্যাবর্তন সালমান খান যে এখনও নিজের শর্তেই চলছেন, তার সাম্প্রতিক পোস্ট যেন আরও একবার সেই কথাই প্রমাণ করল।



